মঙ্গলবার নতুন সূচক করে হচ্ছে অর্থনৈতিক শুমারি

এফএনএস
| আপডেট: ২২ এপ্রিল, ২০২৫, ০৮:২৭ এএম | প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২৪, ০৩:৫৭ পিএম
মঙ্গলবার নতুন সূচক করে হচ্ছে অর্থনৈতিক শুমারি

সোমবার রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সম্মেলন কক্ষে অর্থনৈতিক শুমারি ২০২৪ প্রকল্প নিয়ে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়েছে, ই-কমার্স, বিদেশি কর্মীসহ বেশকিছু নতুন সূচক যুক্ত করে ১০ বছর পর মঙ্গলবার (১০ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে চতুর্থ অর্থনৈতিক শুমারি। টানা ১৫ দিন অর্থাৎ ২৬ ডিসেম্বর পর্যন্ত চলবে শুমারির তথ্য সংগ্রহের কাজ। এবার শুমারিতে প্রথমবারের মতো দেশে কতজন বিদেশি কর্মী নিয়োজিত রয়েছেন, তারা কোন ধরনের প্রতিষ্ঠানে কোন ধরনের পদে কর্মরত আছেন এবং নারী-পুরুষ কতজন সেসব তথ্য তুলে ধরা হবে।

ব্রিফিংয়ে বলা হয়, ১০ থেকে ২৬ ডিসেম্বর দেশব্যাপী এই শুমারি করা হবে। এবার সম্পূর্ণ ডিজিটাল এবং অনলাইন পদ্ধতিতে কাজটি করা হবে।

অর্থনৈতিক শুমারিতে ৭০টি প্রশ্ন উঠে আসবে। এবারই প্রথম ট্যাবের মাধ্যমে ক্যাপি পদ্ধতিতে শুমারির তথ্য সংগ্রহ করা হবে। ইতোমধ্যে লিস্টিংয়ের মাধ্যমে ১ কোটি ২২ লাখ ইউনিট চিহ্নিত করা হয়েছে। সেখান থেকে এবং এর বাইরে থেকেও বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে। এবার শুমারিতে প্রথমবারের মতো দেশে কতজন বিদেশি কর্মী নিয়োজিত রয়েছেন, তারা কোন ধরনের প্রতিষ্ঠানে কোন ধরনের পদে কর্মরত আছেন এবং নারী-পুরুষ কতজন– সেসব তথ্য তুলে ধরা হবে।

আরও জানানো হয়, সারা দেশে ৯৫ হাজার তথ্য সংগ্রহকারী এবারের শুমারিতে তথ্য সংগ্রহ করবেন। দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানতে প্রতি ১০ বছর পর এমন শুমারি করছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। ইতোমধ্যে প্রচারসহ অন্যান্য প্রস্তুতিও শেষ করা হয়েছে।