যুক্তরাষ্ট্রের হামলা: এবার ‘একক যুদ্ধ ব্লক’ গড়ে তোলার ঘোষণা ভেনেজুয়েলার

এফএনএস অনলাইন: | প্রকাশ: ৩ জানুয়ারী, ২০২৬, ০৭:৪৩ পিএম
যুক্তরাষ্ট্রের হামলা: এবার ‘একক যুদ্ধ ব্লক’ গড়ে তোলার ঘোষণা ভেনেজুয়েলার
ছবি, সংগৃহিত

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর এবার লড়ে বসেছে ভেভেজুয়েলার প্রতিরক্ষা বাহিনী। ভেনেজুয়েলাজুড়ে সর্বাত্মক জাতীয় প্রতিরক্ষা পরিকল্পনা সক্রিয় করা হয়েছে বলে ঘোষণা দিয়েছে দেশটির সরকার। 

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম টেলিসুরের খবরে বলা হয়েছে, শনিবার (০৩ জানুয়ারি) ভোরে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ নিশ্চিত করেছেন।

প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর দেয়া আগের নির্দেশনা অনুযায়ী পুরো দেশ এখন প্রতিরক্ষা ব্যবস্থার অধীনে কাজ করছে। এছাড়া সেনাবাহিনী ও পুলিশের নিখুঁত সমন্বয়ে “একক যুদ্ধ ব্লক” গড়ে তোলার ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ।

যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে অপহরণের তথ্যও নিশ্চিত করা হয়েছে দেশটির পক্ষ থেকে। ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘এই নৃশংস পরিস্থিতি ও ভয়াবহ হামলার মুখে আমরা জানি না প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেস বর্তমানে কোথায় আছেন।’ একই সঙ্গে তিনি জানান, মার্কিন সামরিক অভিযানে কারাকাসসহ দেশের আরও তিনটি রাজ্যে বোমা হামলা চালানো হয়েছে, যাতে সেনাসদস্য ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সরকারের কাছে মাদুরো ও ফ্লোরেসের তাৎক্ষণিক জীবিত থাকার প্রমাণ দাবি করেন ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট এবং পুনরায় প্রেসিডেন্ট মাদুরোর সতর্কবার্তার কথা স্মরণ করিয়ে দেন তিনি। মাদুরো আগেই বলেছিলেন, যুক্তরাষ্ট্রের আগ্রাসনের ক্ষেত্রে ভেনেজুয়েলাকে কীভাবে প্রতিক্রিয়া জানাতে হবে।

ডেলসি রদ্রিগেজ বলেন, ‘প্রেসিডেন্ট মাদুরো ভেনেজুয়েলার জনগণকে প্রথম যে নির্দেশ দিয়েছিলেন তা হলো-রাস্তায় নেমে আসুন, মিলিশিয়া হিসেবে সংগঠিত হয়ে জাতির সর্বাত্মক প্রতিরক্ষা পরিকল্পনা সক্রিয় করুন।’ তিনি জোর দিয়ে বলেন, প্রেসিডেন্টকে অবৈধভাবে আটক করা এবং সাধারণ মানুষের ওপর বিমান হামলা চালানো আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

তিনি আরও বলেন, ‘আমরা আমাদের জনগণের বিরুদ্ধে এই বর্বর ও নৃশংস আগ্রাসনের তীব্র নিন্দা জানাই, যা আমাদের দেশের সামরিক সদস্যদের  হত্যা করেছে এবং নিরীহ ভেনেজুয়েলার নাগরিকদের প্রাণ কেড়ে নিয়েছে।’

ডেলসি রদ্রিগেজের বক্তব্যের পরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে সামরিক হামলার বিষয়ে প্রাথমিক মন্তব্য করেন। ট্রাম্প লেখেন, ‘যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনেজুয়েলা ও দেশটির নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান পরিচালনা করেছে। তাকে এবং তার স্ত্রীকে আটক করে দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে।’ তিনি আরও জানান, বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে এবং স্থানীয় সময় সকাল ১১টায় মার-আ-লাগোতে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।