বরিশালে র‌্যাগ ডে অনুষ্ঠান চলাকালে আকস্মিক অগ্নিকান্ড

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৭ জানুয়ারী, ২০২৬, ০৫:৫৫ পিএম
বরিশালে র‌্যাগ ডে অনুষ্ঠান চলাকালে আকস্মিক অগ্নিকান্ড

বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে এবং নগরীর পুলিশ লাইন রোডের বিএস টাওয়ারে পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে দ্রুত ফায়ার সার্ভিসের অভিযানে দুটি আগুনই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আজ শনিবার (১৭ জানুয়ারি) বেলা সাড়ে এগারোটার দিকে বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের ‘র‌্যাগ ডে’ অনুষ্ঠান চলাকালে ক্যাম্পাসের ভেতরে একটি জেনারেটর রুমে হঠাৎ আগুন লাগে।  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার খবর পেয়ে শিক্ষার্থীদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়লেও দ্রুত ৯৯৯ নম্বরে ফোন করা হয়।  খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। বিদ্যালয়ের শিক্ষক অলক সরকার বলেন, অনুষ্ঠানের সময় আগুন লাগায় শিক্ষার্থীরা ভয় পেয়ে যায়। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার জানান, অগ্নিকাণ্ডে একটি প্যানেল বোর্ড পুড়ে গেছে। তবে জেনারেটর ও বিদ্যুৎ টেনসোমিটার অক্ষত রয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ বিস্তারিতভাবে পর্যালোচনা শেষে জানানো হবে। এর আগে একইদিন সকালে বরিশাল নগরীর পুলিশ লাইন রোডে অবস্থিত বিএস টাওয়ারের সপ্তম তলায় একটি পার্লারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনাতেও কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, উভয়ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত করা হবে।