জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, নির্বাচিত হলে দলীয়ভাবে কাউকে বিবেচনা করবো না ।
কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভা ও ১৩ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, কমিশনার ও মেম্বারদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে আজ (২১ জানুয়ারি) বিকেলে তিনি এসব কথা বলেন।
ডা. মো. তাহের বলেন, আগামী নির্বাচন একটা চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে। এবার ১০ দলীয় জোট সরকার গঠন করবে। এই জোটে দেশের একমাত্র জীবিত বীর বিক্রম, মুক্তিযোদ্ধা এবং ছাত্র প্রতিনিধিরা আছে। । সবার সঙ্গে সমান গুরুত্ব দিয়ে কাজ করবো।
তিনি বলেন, আগামীর বাংলাদেশ সব শ্রেণির মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ হিসেবে মনে করতে হবে। আগামী নির্বাচন আমাদের তরুণ প্রজন্মে জন্য একটি সুখি সমৃদ্ধিশালী সমাজ উপহার দেওয়ার জন্য একটি মাইলফলক হিসাবে কাজ করতে হবে। নারী অধিকারের ব্যাপারে আমরা অধিক সোচ্চার আছি।
তিনি আরও বলেন, আগামী নির্বাচন খুবই চ্যালেঞ্জিং জাতীয়ভাবে। স্বাধীনতার ৫৪ বছর পরে আমরা ভারতীয় দাসত্ব থেকে ৫ আগস্ট বিপ্লবের মাধ্যমে মুক্তি পেয়েছি। আমরা স্বাধীন ছিলাম না। আমাদের একটা ভূখণ্ড ছিল, কিন্তু যারাই সরকারে ছিল, তারা ভারতের সঙ্গে বশ্যতার স্বীকার করে এদেশকে পরিচালনা করেছিল।