আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সেনা ক্যাম্পে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বরিশালের গৌরনদী আর্মি ক্যাম্পে সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় স্থানীয় সাংবাদিকবৃন্দের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় গৌরনদী আর্মি ক্যাম্পের কমান্ডারসহ আমন্ত্রিত সিনিয়র সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সভায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সাংবাদিকদের সুসম্পর্ক ও যোগাযোগ বজায় রাখতে সেনা ক্যাম্প কমান্ডার আহবান করেন। পাশাপাশি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে সঠিক তথ্য দিয়ে সহযোগীতা করা এবং মাদক নিয়ন্ত্রণসহ অন্যান্য যেকোনো সমস্যার বিষয়ে সকলের সহযোগিতা কামনা করা হয়। সভায় নির্বাচনকালীন সময়ে শান্তি-শৃঙ্খলা রক্ষা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ভোটারদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা ও দায়িত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর প্রদান করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী দেশবাসীর সহযোগিতায় একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।