চট্টগ্রাম ৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন বলে আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে একই সঙ্গে আদালত জানিয়েছেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই আসনের নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্থগিত থাকবে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন। আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণার বিরুদ্ধে করা লিভ টু আপিলের শুনানি গ্রহণ করে আদালত এ সিদ্ধান্ত জানান।
এই মামলার প্রেক্ষাপটে একই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আনোয়ার সিদ্দিককে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতিও দিয়েছেন আপিল বিভাগ। আনোয়ার সিদ্দিকীর পক্ষে থাকা আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু বিষয়টি নিশ্চিত করেন।
মোহাম্মদ হোসেন লিপু বলেন, আসলাম চৌধুরীর বিরুদ্ধে ২৩টি ব্যাংকে প্রায় দুই হাজার ১০০ কোটি টাকা ঋণ থাকার অভিযোগ রয়েছে। এসব অভিযোগ থাকা সত্ত্বেও নির্বাচন কমিশন তাঁকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অনুমতি দেয়। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আনোয়ার সিদ্দিক হাইকোর্টে রিট করেন, তবে হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেন।
এরপর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করা হয়। সেই আবেদনের শুনানিতেই আপিল বিভাগ আসলাম চৌধুরীর নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ রেখে চূড়ান্ত ফল প্রকাশ স্থগিত রাখার আদেশ দেন।
আদালতে আসলাম চৌধুরীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান এবং ব্যারিস্টার কাজী আখতার হোসেন। অপরদিকে আনোয়ার সিদ্দিকীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু ও অ্যাডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী।
এর আগে রোববার (১ ফেব্রুয়ারি) আসলাম চৌধুরীর মনোনয়নপত্র নির্বাচন কমিশনের বৈধ ঘোষণার বিরুদ্ধে ব্যাংকের করা আপিল আবেদনের ওপর শুনানি শুরু হয়।