শিশু গৃহকর্মী মোহনা সহ সকল গৃহকর্মীর উপর অব্যাহত নির্যাতন ও সহিংসতা বন্ধ, সরকারি খরচে তকে উন্নত চিকিৎসা ও ক্ষতিপূরণ প্রদান এবং দ্রুত বিচারের মাধ্যমে নির্যাতনকারী ও নির্যাতনে সহায়তাকারী প্রত্যেককে কঠোর শাস্তি প্রদানের দাবিতে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় ট্রেড ইউনিয়নে ফেডারেশন ও শ্রমিক অধিকার সংগঠনসমূহের যৌথ প্লাটফরম গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক ও শ্রমিক নিরাপত্তা ফোরাম- এসএনএফ এর উদ্যোগে একটি প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সভায় সংহতি প্রকাশ করেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ- স্কপ ও শ্রমিক অধিকার জাতীয় অ্যাডভোকেসি অ্যালায়েন্স নেতৃবৃন্দ সহ জাতীয় পর্যায়ের মানবাধিকার নেতৃবৃন্দ। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শ্রমিক অধিকার জাতীয় অ্যাডভোকেসি অ্যালায়েন্স-এর যুগ্ম সমন্বয়কারী মেসবাহউদ্দীন আহমেদ, শ্রম সংস্কার কমিশনের প্রধান ও বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ- বিলস এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, কর্মজীবী নারী এর অতিরিক্ত নির্বাহী পরিচালক সানজিদা সুলতানা, গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক এর ভারপ্রাপ্ত সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ- স্কপ এর যুগ্ম সমন্বয়কারী আহসান হাবিব বুলবুল, বাংলাদেশের জাতীয় শ্রমিক জোট এর সাধারণ সম্পাদক বাদল খান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র-এর যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেডারেশন এর সাধারণ সম্পাদক শহিদুল্লাহ বাদল, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন এর সাধারণ সম্পাদক এএএম ফয়েজ হোসেন, বাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর সম্পাদক পুলক রঞ্জন ধর, জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মুর্শিদা আক্তার, বিলস পরিচালক নাজমা ইয়াসমীন সহ বিভিন্ন জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন, শ্রমিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ। উপস্থিত নেতৃবৃন্দ শিশুগৃহকর্মী মোহনার ওপর বর্বরোচিত নির্যাতনের ঘটনায় ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে বলেন, নির্যাতিতের শরীরে নির্যাতনের চিহ্ন দেখে এবং তার সাথে কথা বলে বোঝা গেছে দীর্ঘদিন ধরে তার ওপর এই পাশবিক নির্যাতন চালানো হয়েছিল। এই ঘটনার দ্রুত বিচার, দৃষ্টান্তমুলক শাস্তি, উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং রাষ্ট্রীয় খরচে তার চিকিৎসা প্রদান অব্যহত রাখার ব্যাপারে তারা জোর দাবী জানান। সেই সাথে গৃহকর্মীদের ওপর এ ধরণের অমানবিক নির্যাতনের অন্যান্য ঘটনায় উপযুক্ত বিচার ও শাস্তি নিশ্চিত করে সমাজ থেকে এ ধরণের অপরাধ নির্মূল করতেও সরকারের প্রতি তারা জোরালো আহ্বান জানান। উল্লেখ্য, উত্তরায় নির্যাতিত শিশু গৃহকর্মী মোহনা বর্তমানে গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেলের ৮২৮ নং ওয়ার্ডের ৩৬ নং বেডে চিকিৎসাধীন রয়েছে। নেতৃবৃন্দ গতকাল গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেলে গিয়ে শিশুটির চিকিৎসার খোঁজখবর নেন এবং হাসপাতালের পরিচালক ও কর্তব্যরত ডাক্তারদের সাথে শিশুটির চিকিৎসার অগ্রগতি নিয়ে কথা বলেন। অমানবিক ও নৃশংস নির্যাতনের শিশুটির শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে রয়েছে বলে জানিয়েছেন ডাক্তারগণ। তবে তীব্র অপুষ্টি ও শারীরিক যন্ত্রণাসহ মানসিকভাবে অত্যন্ত আতঙ্কগ্রস্ত অবস্থায় রয়েছে শিশুটি। প্রতিনিধি দলের সদস্যগণ আহত শিশুটির উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেন। শিশু গৃহকর্মী নির্যাতনের ঘটনায় ভুক্তভোগীর পিতা উত্তরা পশ্চিম থানায় শিশু নির্যাতনের অভিযোগে ১ ফেব্রুয়ারি মামলাটি করেন। এ মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাফিকুর রহমান ও তাঁর স্ত্রী বিথীসহ ৪ জনকে গত রোববার দিবাগত রাত সাড়ে তিনটায় গ্রেপ্তার করে পুলিশ। গত সোমবার বিকেলে তাদের আদালতে পাঠানো হলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।