পাঞ্জাবে আম আদমি পার্টির নেতাকে গুলি করে হত্যা!

এফএনএস অনলাইন: | প্রকাশ: ৬ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:৩২ পিএম
পাঞ্জাবে আম আদমি পার্টির নেতাকে গুলি করে হত্যা!
ছবি, সংগৃহিত

ভারতের পাঞ্জাবে প্রকাশ্য দিবালোকে জালন্ধরে একটি গুরদুয়ারার সামনে নিজ গাড়ির ভেতরে আম আদমি পার্টির (আপ) এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত ওই নেতার নাম লাকি ওবেরয়।

জালন্ধরের মডেল টাউন এলাকার একটি গুরদুয়ারার বাইরে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে। এদিকে এই হত্যাকাণ্ডকে ঘিরে রাজ্যটির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে এবং বিরোধী দলগুলো সরাসরি রাজ্য সরকারের ব্যর্থতার অভিযোগ তুলেছে। 

এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে। 

প্রতিবেদন অনুযায়, তাৎক্ষণিকভাবে তাকে এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কিছুক্ষণ পরই তার মৃত্যুসংবাদ আসে, বলছে এনডিটিভি। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। শুক্রবার সকালে ওবেরয় গুরুদুয়ারার বাইরে তার গাড়ি পার্ক করছিলেন। এ সময় দুই-চাকার একটি যানে আসা হামলাকারীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে বলে প্রাথমিক খবরে জানা গেছে।

তবে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গুরুদুয়ারায় প্রার্থনা শেষে নিজের গাড়িতে ওঠার পর মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে ৮-১০টি গুলি ছোড়ে।

লাকি ওবেরয়ের স্ত্রী সিমারজিত কৌর আম আদমি পার্টির প্রার্থী হয়ে পৌরসভা নির্বাচনে অংশ নিলেও জিততে পারেননি।

রাজ্যে ক্ষমতাসীন দলের এক নেতার এমন মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সেখানকার বিধানসভার বিরোদীদলীয় নেতা প্রতাপ সিং বাজওয়া।

তিনি বলেছেন, পাঞ্জাবের আইন-শৃঙ্খলা পরিস্থিতি যে পুরোপুরি ভেঙে পড়েছে এই ঘটনা তারই সাক্ষ্য দিচ্ছে। ক্ষমতাসীন দলের নেতারাই যদি নিরাপদ না থাকেন, তাহলে সাধারণ মানুষের জন্য আর কীইবা আশা থাকতে পারে?