রটারড্যামে বাজিমাত, বাংলাদেশের ‘মাস্টার’-এর আন্তর্জাতিক জয়

এফএনএস বিনোদন | প্রকাশ: ৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:০৪ পিএম
রটারড্যামে বাজিমাত, বাংলাদেশের ‘মাস্টার’-এর আন্তর্জাতিক জয়

ইউরোপের মর্যাদাপূর্ণ চলচ্চিত্র মঞ্চে নতুন এক সাফল্যের গল্প লিখল বাংলাদেশ। রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (আইএফএফআর) ২০২৬-এ ‘বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড’ জিতে নিয়েছে বাংলাদেশি রাজনৈতিক থ্রিলার সিনেমা ‘মাস্টার’। নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিতের পরিচালনায় ছবিটি ১২টি আন্তর্জাতিক সিনেমাকে পেছনে ফেলে বিচারকদের সর্বসম্মত সিদ্ধান্তে সেরা নির্বাচিত হয়।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে নেদারল্যান্ডসের রটারড্যাম শহরে পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে এই স্বীকৃতি আসে। উৎসব কর্তৃপক্ষের ঘোষণার পরপরই উচ্ছ্বাসে ভাসে ‘মাস্টার’ টিম। আন্তর্জাতিক এই অর্জনকে বাংলাদেশি সমসাময়িক সিনেমার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

পুরস্কারের সঙ্গে ‘মাস্টার’ পেয়েছে ১৫ হাজার ইউরো অর্থমূল্য, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ২১ লাখ টাকার সমান। পাশাপাশি ছবিটির ডাচ ডিস্ট্রিবিউশন স্বত্ব নেওয়া পরিবেশককে উৎসবের পক্ষ থেকে আরও ১৫ হাজার ইউরো সহায়তা দেওয়া হবে। এর ফলে ইউরোপীয় বাজারে সিনেমাটির প্রদর্শন ও বাণিজ্যিক সম্ভাবনা আরও বিস্তৃত হবে বলে মনে করা হচ্ছে।

জুরি বোর্ডের মূল্যায়নে বলা হয়েছে, ‘মাস্টার’ একজন মানুষের নৈতিক অবস্থান ধরে রাখার সংগ্রামের একটি সার্বজনীন গল্প তুলে ধরে। ক্ষমতা ও পুঁজিবাদের প্রলোভন কীভাবে ধীরে ধীরে একজন আদর্শবাদী মানুষকে বদলে দেয়, তা ছবিতে সূক্ষ্ম ও বহুস্তরীয় ভাষায় উপস্থাপন করা হয়েছে। জীবন্ত লোকেশন, বাস্তবধর্মী পার্শ্বচরিত্র এবং শক্তিশালী ভিজ্যুয়ালের মাধ্যমে প্রধান চরিত্রের নৈতিক দ্বন্দ্ব গভীরভাবে ফুটে উঠেছে, যা শেষ পর্যন্ত ক্ষমতার সর্বগ্রাসী রূপকে উন্মোচিত করে।

এর আগে সোমবার (২ ফেব্রুয়ারি) রটারড্যামেই ‘মাস্টার’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। প্রিমিয়ারের পর থেকেই আন্তর্জাতিক অঙ্গনে ছবিটি প্রশংসা পেতে শুরু করে এবং মুক্তির আগেই আলোচনায় চলে আসে।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবু ও শরীফ সিরাজসহ আরও অনেকে। চিত্রনাট্যের সহ-রচনা, পরিচালনা ও প্রযোজনার দায়িত্বেও ছিলেন রেজওয়ান শাহরিয়ার সুমিত নিজেই।

পুরস্কার ঘোষণার মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছেন সিনেমার শিল্পীরাও। এক ভিডিওতে দেখা যায়, ‘মাস্টার’-এর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে উচ্ছ্বসিত হয়ে ওঠে পুরো টিম। অভিনেত্রী আজমেরী হক বাঁধন ক্যাপশনে লেখেন, “আমরা বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড জিতলাম। অভিনন্দন পরিচালক ও পুরো টিমকে। বাংলাদেশের জন্য কী দারুণ একটি দিন!” একইভাবে আনন্দঘন মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করেছেন জাকিয়া বারী মম ও নাসির উদ্দিন খান।

সরকারি অনুদানে নির্মিত ‘মাস্টার’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে একটি উপজেলার স্থানীয় রাজনীতি ও ক্ষমতার টানাপড়েনকে কেন্দ্র করে। আন্তর্জাতিক এই স্বীকৃতির মধ্য দিয়ে ছবিটি যে বিশ্বদর্শকের কাছেও জায়গা করে নিচ্ছে, তা স্পষ্ট।

আপনার জেলার সংবাদ পড়তে