যশোরের নওয়াপাড়া প্রেসক্লাবে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি সুকৃতি কুমার মন্ডল তাঁর দলের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। শনিবার(৭ ফেব্রুয়ারি)বেলা সাড়ে ১২টার সময় নওয়াপাড়া প্রেসক্লাবের হল রুমে ইশতেহার পাঠ করেন তিনি। যশোর-৪ আসন অভয়নগর, বাগারপাড়া বসুন্দিয়া এলাকার সার্বিক উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং নওয়াপাড়া’কে আধুনিক শিল্প-বন্দরনগরী গড়ে তোলার লক্ষ্যে বিস্তৃত প্রতিশ্রিুতি ও কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়েছে। ঘোষিত পরিকল্পনায় পরিবেশ, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং আইনশৃঙ্খলা উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ঘোষণায় বলা হয়, ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। নদী ও খাল দখলমুক্ত করে পুনরুদ্ধার করা এবং স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনার মাধ্যমে এ সমস্যার সমাধান করা হবে। একই সঙ্গে জলাবদ্ধতা সমস্যাকে কেন্দ্র করে অবৈধভাবে অর্থ উপার্জনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। এছাড়া নওয়াপাড়াকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আধুনিক, নিরাপদ এবং দেশি-বিদেশি বিনিয়োগবান্ধব শিল্প-বন্দরনগরীতে রূপান্তরের পরিকল্পনা তুলে ধরা হয়েছে। পরিকল্পিত উপ-শহর গড়ে তোলা, চাঁদাবাজি ও সিন্ডিকেটমুক্ত বাজার ব্যবস্থা নিশ্চিত করা, নদীবন্দরের উন্নয়ন এবং বেনাপোল হয়ে নওয়াপাড়ায় ভারতীয় পণ্য স্থানান্তরের ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। নদী খনন এবং ভৈরব নদীকে অবৈধ দখলমুক্ত করার উদ্যোগও নেওয়া হবে। শিক্ষা ও সামাজিক উন্নয়নের অংশ হিসেবে স্কুল, কলেজ ও মাদ্রাসা পরিচালনা ব্যবস্থার উন্নয়ন, শিল্পাঞ্চলে শিল্প ক্লিনিক চালু এবং গ্রাম পর্যায়ে সমবায় সমিতি গঠনের মাধ্যমে স্বাস্থ্য, শিক্ষা ও পশুপালনে ক্ষুদ্রঋণ সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রবাসী শ্রমিক ও তাদের পরিবারের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণের কথাও বলা হয়েছে। তরুণদের দক্ষতা উন্নয়নে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, বিদেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং প্রবীণদের জন্য নিবাস গড়ে তোলার পরিকল্পনাও ঘোষণায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, উন্নত সড়ক অবকাঠামো, সাংস্কৃতিক কেন্দ্র, বিনোদন পার্ক এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধ এলাকায় বিকল্প যোগাযোগ ব্যবস্থার উদ্যোগ নেওয়ার কথাও বলা হয়েছে। মাদক, সন্ত্রাস, অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিরাপদ সমাজ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। একই সঙ্গে প্রতিটি পরিবারকে শিক্ষা, প্রযুক্তি ও শিল্প কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করে উন্নয়ন কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির প্রতিষ্ঠাতা ও সভাপতি সুকৃত কুমার মন্ডল আরও বলেন, এলাকার সার্বিক উন্নয়নই তার রাজনীতির মূল লক্ষ্য। এসময় উপস্তিত ছিলেন, সহ সভাপতি প্রভাত কুমার ব্যানার্জি, সুজন সরকার, যুগ্ন সম্পাদক, শান্তিরায় বিশ্বাস, নির্মল কুমার বিশ্বাস, যশোর জেলা আহবায়ক সুকুমার রায় উদয় জোয়ারদার প্রমুখ। বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির ‘রকেট’ প্রতীকে ভোট দেয়ার আহবান জানিয়ে তিনি আরও বলেন, নির্বাচনী এলাকার জন্য ঘোষিত প্রতিশ্রুতি ও কর্মপরিকল্পনা শতভাগ বাস্তায়নে তিনি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিতবদ্ধ।পাশাপাশি নিজ জেলা যশোর, পাশ্ববর্তী জেলা খুলনা, নড়াইল, মাগুরা এবং ঝিনাইদহ এর উন্নয়নের প্রয়োজনে অগ্রণী ভুমিকা পালন করবো।