পিরোজপুরের নাজিরপুরে এক নির্বাচনী জনসভায় পিরোজপুর-১ আসনের বিএনপি প্রার্থী আলমগীর হোসেন বলেন, আমাকে আপনারা ভোট দিয়ে সংসদে পাঠালে পিরোজপুরকে নৈরাজ্য ও সন্ত্রাসমুক্ত একটি উন্নয়নের রোল মডেল জেলায় পরিনত করবো। আজ রোববার বিকেলে নাজিরপুর মিনি স্টেডিয়াম মাঠের জনসভায় তিনি এ কথা বলেন। সভায় তিনি ওয়াদা করে বলেন, আল্লাহ যদি আমাকে আপনাদের ভোটে সংসদে পাঠায় আর যদি আমাদের নেতা তারেক রহমান প্রধান মন্ত্রী হন তবে আমি ৬ মাসের মধ্যে বিশেষ বরাদ্দ এনে অবহেলিত পিরোজপুরের উন্নয়ন করবো। পিরোজপুরকে সন্ত্রাসমুক্ত, নৈরাজ্যমুক্ত করে একটি রোল মডেল জেলায় পরিনত করবো। বলেন, আমি ওয়াদা দিলাম আমাকে নির্বাচিত করুন আর না করুন কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাসী আমার কাছে জায়গা পাবেনা। সভায় নাজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক মিজানুর রহমান দুলালের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক মো: নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, সদস্য পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আকন, এলিজা জামান প্রমুখ।