বিজয়ী না হলেও নবনির্বাচিত এমপিকে শুভেচ্ছা জানালেন ফারদিন

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) : | প্রকাশ: ১৪ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:৫১ এএম
বিজয়ী না হলেও নবনির্বাচিত এমপিকে শুভেচ্ছা জানালেন ফারদিন

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষে গণধিকার পরিষদ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এইচ এম ফারদিন ইয়ামিন বিজয়ী হতে না পারলেও নবনির্বাচিত সংসদ সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। নির্বাচন পরবর্তী এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাবুগঞ্জ-মুলাদীর মানুষের সেবা করার মহান উদ্দেশ্য নিয়েই আমি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি। আমার রাজনৈতিক ক্যারিয়ার সবেমাত্র শুরু হয়েছে। যিনি নির্বাচিত হয়েছেন, তিনি বয়স, রাজনৈতিক প্রজ্ঞা ও যোগ্যতার বিচারে আমার চেয়ে অনেক এগিয়ে। গণতান্ত্রিক প্রতিযোগিতার অংশ হিসেবেই আমরা নির্বাচনে অংশ নিয়েছি। তিনি আরও বলেন, আমার দল গণধিকার পরিষদ কখনোই সহিংসতা কিংবা হিংসাত্মক রাজনীতি পছন্দ করে না। সেই আদর্শ অনুসরণ করেই আমরা এই নির্বাচনে অংশ নিয়েছি। এ নির্বাচনে আমাদের দলের কোনো কর্মী-সমর্থক প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ওপর হামলা, নির্যাতন কিংবা এমন কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন না, যা নির্বাচনের পরিবেশকে নেতিবাচকভাবে প্রভাবিত করে। বিজয়ী হতে না পারলেও বাবুগঞ্জ-মুলাদীর জনগণের প্রতি তার অকৃত্রিম শ্রদ্ধা, ভালোবাসা ও দোয়া অব্যাহত থাকবে উল্লেখ করে ফারদিন ইয়ামিন বলেন, আগামীতেও বাবুগঞ্জ-মুলাদীর সব শ্রেণি-পেশার মানুষের পাশে আমি সর্বদা থাকবো, ইনশাআল্লাহ। এ সময় তিনি বাবুগঞ্জ-মুলাদী আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট জয়নুল আবেদিন-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে আপনি এলাকার মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে সফল হবেন-এই প্রত্যাশা করি। বাবুগঞ্জ-মুলাদীর উন্নয়ন ও জনগণের কল্যাণে আপনার নেতৃত্ব ফলপ্রসূ হোক। এদিকে ফারদিন ইয়ামিন জানান, জরুরি প্রয়োজনে আজ রাত আনুমানিক দশটার দিকে একটি ফ্লাইটে তিনি ইতালির উদ্দেশ্যে রওনা হবেন। তিনি বলেন, ইতালিতে আমার ব্যবসা-বাণিজ্য রয়েছে। ব্যক্তিগত জীবনে জনসেবার পাশাপাশি ব্যবসা পরিচালনার লক্ষ্যেই সেখানে অবস্থান করবো। তবে দূরে থাকলেও বাবুগঞ্জ-মুলাদীর মানুষের সুখ-দুঃখে অংশীদার হয়ে নিয়মিত খোঁজখবর রাখবো। শেষে তিনি বাবুগঞ্জ-মুলাদীর সর্বস্তরের মানুষের কাছে তার জন্য দোয়া কামনা করেন।