সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ইতোমধ্যে মন্ত্রী পরিষদ গঠনের দিন-তারিখ ঠিক করা হয়েছে। মন্ত্রী পরিষদ গঠনের এই আবহে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে দাবি উঠেছে তিন যুগের অবসান ঘটিয়ে এই আসনে বিএনপি থেকে তৃতীয়বারের মতো বিপুলভোটে নির্বাচিত সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপনকে যেন মন্ত্রীত্বের তালিকায় রাখার হয়। জানা গেছে, ১৯৭২ সালে তৎকালীণ বাকেরগঞ্জ-১৩ আসনের (বর্তমান বরিশাল-১) আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুর রব সেরনিয়াবাত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
এরপর ১৯৮৬ থেকে ১৯৯০ সাল পর্যন্ত বাকেরগঞ্জ-১ (বর্তমান বরিশাল-১) আসনে এরশাদ সরকারের মন্ত্রীসভায় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন সুনীল গুপ্ত। এরপর থেকে এ আসনের কোন সংসদ সদস্য আর মন্ত্রীসভার তালিকায় স্থান পাননি। যদিও ১৯৯৬ সালে এই আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহকে চীফ হুইপ করা হয়েছিলো এবং ২০১৮ সালে তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটির আহবায়ক মনোনীত হন, যা বাংলাদেশ সরকারের (দপ্তর বিহীন) মন্ত্রী পদমর্যাদার। তবে ১৯৯১ সালের নির্বাচনের পর থেকে বরিশাল-১ আসনে কোন সংসদ সদস্যকে দপ্তরপূর্ন মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রীর পদে রাখা হয়নি। যে কারনে সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কা নিয়ে বিপুল ভোটে বিজয়ী তিনবারের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনকে পূর্ন মন্ত্রী পদ দেওয়ার দাবি করেছেন দুই উপজেলার বাসিন্দারা। এ বিষয়ে গৌরনদী পৌর বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক পৌর কাউন্সিলর জাকির হোসেন শরীফ বলেন, বিগত তিন যুগেও বরিশাল-১ আসন থেকে কোন সংসদ সদস্য মন্ত্রীত্বের তালিকায় স্থান পায়নি। যে কারনে এ আসনে কাঙ্খিত কোন উন্নয়ন হয়নি। আমাদের তিনবারের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনকে মন্ত্রীত্বের তালিকায় স্থান দেওয়া এখন গৌরনদী ও আগৈলঝাড়াবাসীর প্রানের দাবিতে পরিনত হয়েছে। গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক ও বরিশাল জেলা উত্তর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বদিউজ্জামান মিন্টু বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী জহির উদ্দিন স্বপন একজন অভিজ্ঞ রাজনীতিবিদ। তিনি এরআগেও দুইবারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। তার মত একজন অভিজ্ঞ সংসদ সদস্যকে মন্ত্রীত্বের পদ দেওয়া হলে দেশ ও জাতি উপকৃত হবে। আমরা বরিশাল-১ আসনের বাসিন্দারা আমাদের অভিভাবক জহির উদ্দিন স্বপনকে মন্ত্রী হিসেবে দেখতে চাই।