কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে ধানের শীষ প্রতীকে বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লা বিজয়ী হওয়ার পর স্থানীয় পর্যায়ে শান্তি-শৃঙ্খলা রক্ষায় নজিরবিহীন উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রীতির বার্তা নিয়ে গেলেন জামায়াত নেতাকর্মীদের বাড়িতে। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সম্প্রীতির বার্তা দেওয়ার পাশাপাশি কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ উদ্যোগের জন্য সাধারণ মানুষসহ বিভিন্ন মহল সাধুবাদ জানিয়েছে। ফল ঘোষণা হওয়ার পরপরই এক ভিডিও বার্তায় রেজা আহমেদ বাচ্চু মোল্লা নেতাকর্মীদের উদ্দেশে বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা বা প্রতিপক্ষের ওপর প্রতিহিংসামূলক আচরণ করা যাবে না। তিনি স্পষ্ট নির্দেশ দেন, বিরোধী দলীয় নেতা-কর্মীদের হয়রানি বা আক্রমণ করা থেকে সবাইকে বিরত থাকতে হবে। এ সময় তিনি বলেন, “এ বিজয় শুধু বিএনপির নয়, দৌলতপুরের সর্বস্তরের মানুষের।”
এরপর তাঁর পুত্র ও আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আসিফ রেজা শিশির মোল্লা পৃথক এক ভিডিও বার্তায় দলীয় নেতাকর্মীদের কঠোর হুঁশিয়ারি দেন। তিনি বলেন, “কেউ যদি বিশৃঙ্খলায় জড়ায় বা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে, তার বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” এদিকে দৌলতপুরে শান্তির বার্তা নিয়ে শনিবার বেলা ১১টার দিকে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন এলাকায় জামায়াত নেতা ও কুষ্টিয়া জেলা শিবিরের সাবেক সভাপতি খাজা আহম্মেদের বাড়িতে গিয়ে আসিফ রেজা শিশির মোল্লা তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং নিরাপত্তার আশ্বাস দেন। স্থানীয় বিএনপি'র নেতাকর্মী উপস্থিত ছিলেন। শিশির মোল্লা জামায়াত নেতা খাজা আহমেদসহ তার পিতা-মাতা ও পরিবারের লোকজনের সাথে কথা বলেন। এ সময় তিনি বলেন, “আপনারা নিরাপদে ও নির্ভয়ে বসবাস করবেন। কেউ আপনাদের কোনো ধরনের ভয়ভীতি দেখাতে পারবে না।”
এরপর রিফাতপুর ইউনিয়ন বিএনপি নেতাদের নিয়ে হরিণগাছি গ্রামের জামায়াতকর্মী রফিকুল ইসলাম, রুবেল আলী, ফিরোজ, ইসাহক ও দমশের মালিথা বাড়িতে যান এবং তাদের পরিবারের খোঁজখবর নেন। এ সময় আসিফ রেজা শিশির মোল্লা দলমত নির্বিশেষে সকলে মিলেমিশে সামাজিক সম্প্রীতির সাথে বসবাসের বার্তা পৌঁছে দেন। বিএনপি বা অঙ্গ সংগঠনের নাম ব্যবহার করে দৌলতপুরের কোথাও কেউ যদি ভিন্ন মতাদর্শের মানুষকে হয়রানি অথবা হুমকি ধামকি প্রদান করেন তাহলে তাকে কঠোর শাস্তি আওতায় আনা হবে।শনিবার দুপুরে দৌলতপুর সদর ইউনিয়ন বিএনপি'র নেতাদের নিয়ে দৌলতখালী গ্রামে ১২ ফেব্রুয়ারি দিবাগত রাতে ৩টি গরু চুরি যাওয়ার পর নবনির্বাচিত সাংসদ রেজা আহমেদ বাচ্চু মোল্লার হস্তক্ষেপে পুনরায় তা ফেরত পাওয়া পরিবারের সাথে দেখা করেন এবং এলাকায় শান্তিতে বসবাস করার নিশ্চয়তা প্রদান করে যে ওয়াদা করেছিলেন রেজা আহমেদ বাচ্চু মোল্লা তা বাস্তবায়ন করা হবে বলে এলাকাবাসীকে আশ্বস্ত করেন শিশির মোল্লা। নির্বাচন-পরবর্তী সহিংসতা ও ছুরি ছিনতাই রোধ এবং নিরাপদে সকলের সম্প্রীতির বন্ধনে বসবাস করার বার্তা দেয়ার এমন উদ্যোগকে বিরোধী দলীয় নেতা-কর্মীসহ সাধারণ জনগণ ইতিবাচকভাবে দেখছেন। স্থানীয়রা মনে করছেন, রাজনৈতিক সৌহার্দ্য ও সহনশীলতার এ বার্তা দৌলতপুরে শান্তিপূর্ণ সহাবস্থানে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।