গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ মশিউর রহমান খান মোল্লাহাট উপজেলায় মতবিনিময় ও সৌজন্য সাক্ষাত করেছেন। শনিবার সন্ধ্যায় মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জামায়াত ও ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ এবং উপজেলা বিএনপির সভাপতি অংশ নেন। সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান ও উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ মোঃ হেদায়েত উল্যাহ। এ সময় উপজেলা জামায়াতের আমির মোঃ হাসমত আলী সরদারসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে নবনির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ মশিউর রহমান খান বলেন, সংসদ সদস্যের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জবাবদিহিমূলক। তিনি উল্লেখ করেন, “এই আসনে প্রায় পাঁচ লাখ মানুষের প্রতিনিধি হিসেবে আমি সকলের এমপি। আমি কোনো নির্দিষ্ট দলের গণ্ডিতে সীমাবদ্ধ থাকতে চাই না। সকল দল-মত নির্বিশেষে ন্যায় ও সমতার ভিত্তিতে কাজ করতে চাই।” তিনি আরও বলেন, উন্নয়ন, সুশাসন ও স্বচ্ছতার মাধ্যমে জনগণের আস্থা অর্জনই হবে তার মূল লক্ষ্য। উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু বলেন, প্রশাসনের পক্ষ থেকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে এবং সকলের সহযোগিতায় তা সফলভাবে সম্পন্ন হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান বলেন, “আপনি কেবল একটি দলের ভোটে নয়, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভোটে নির্বাচিত হয়েছেন। তাই সকলের প্রত্যাশা পূরণে সমান গুরুত্ব দিতে হবে।” সভায় উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবনির্বাচিত সংসদ সদস্য দলীয় বিভাজনের ঊর্ধ্বে উঠে সমন্বয়মূলক নেতৃত্ব প্রদান করবেন এবং বাগেরহাট-১ আসনের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।