সিংড়ায় জিয়া পরিষদ নেতাকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ১

এফএনএস (সাইফুল ইসলাম; সিংড়া, নাটোর) : | প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:৪৯ পিএম
সিংড়ায় জিয়া পরিষদ নেতাকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ১

নাটোরের সিংড়া উপজেলা জিয়া পরিষদের সদস্য সহকারী অধ্যাপক রেজাউল করিম কে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি আব্দুল করিম কে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার কলম ইউনিয়নের নাছিয়ার কান্দি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে নাটোরের ডিবি পুলিশের একটি দল। সে নাছিয়ারকান্দি গ্রামের মৃত পঁচাই প্রামাণিকের ছেলে। এলাকায় কুখ্যাত সন্ত্রাসী হিসেবেও তার বেশ পরিচিতি রয়েছে। এদিকে আব্দুল করিমের গ্রেফতারে এলাকার সাধারণ মানুষের মাঝে স্বস্থি ফিরে এসেছে। সিংড়া থানার ওসি আ.স.ম আব্দুন নুর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত এই মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তার জানামতে গ্রেফতারকৃত আব্দুল করিম এর বিরুদ্ধে ১৫ থেকে ১৬ টি মামলা রয়েছে। উল্লেখ্য গত ২১ জানুয়ারি রাতে কলম কুমারপাড়া গ্রামে জিয়া পরিষদ নেতা রেজাউল করিম নিজ বাড়ির সামনে হাটতে বের হলে তাকে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত শিক্ষক রেজাউল করিম কুমারপাড়া গ্রামের ছাবেদ আলী ব্যাপারীর ছেলে ও বিলহালতি ত্রিমোহনী ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক এবং ধানের শীষ মনোনিত প্রার্থীর কর্মী ছিলেন। ঘটনার এক দিন পর নিহত শিক্ষকের ভাতিজা হাসানুর রহমান বাদী হয়ে সিংড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলার প্রধান আসামি ছিলেন আব্দুল করিম। 

আপনার জেলার সংবাদ পড়তে