মহেশপুর আওয়ামী লীগ অফিসে অগ্নিসংযোগ

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ১৭ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:৫১ এএম
মহেশপুর আওয়ামী লীগ অফিসে অগ্নিসংযোগ

ঝিনাইদহের মহেশপুরে রাতের আধারে আওয়ামীলীগের দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত ২ টার দিকে শহরের গাড়াবাড়িয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এতে কার্যালয়ের আসবাবপত্র ও নথিপত্র পুড়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় নেতারা। এ ঘটনার খবর পেয়ে সোমবার দুপুরে ঘটনা স্থলে ছুটে যান মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি ও ধানের র্শীষের প্র্ার্থী মেহেদী হাসান রনিসহ দলীয় নেতৃবৃন্দ। এলাকার বিএনপির দলীয় নেতা কর্মীদের সাথে এ বিষয়ে কথা বলেন।পরে ওয়ার্ড আওয়ামীলীগের অফিসটি পরিদর্শন করে উপজেলা বিএনপির সভাপতি ও ধানের র্শীষের প্রার্থী মেহেদী হাসান রনি জানান ঘটনাটি যেই ঘটাক তার শাস্তি হওয়া প্রয়োজন। স্থানীয় বাসিন্দারা জানান, রাত ২ টার দিকে কয়েকজন দূর্বৃত্ত কার্যালয়ে হামলা চালায়। তারা প্রথমে ভাঙচুর করে এবং পরে ঘরে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। আগুনের শিখা দেখতে পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দা কামাল বলেন, গত ৫ আগস্টের পর থেকে এলাকায় উল্লেখ্য যোগ্য কোনো দলীয় উত্তেজনা বা সহিংসতার ঘটনা ঘটেনি। হঠাৎ করে এ ধরনের হামলায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি না দিলে পরবর্তীতে এমন ঘটনা আরও ঘটাবে তারা। স্থানীয় আওয়ামীলীগ নেতা আমাজেদ সরদার বলেন, প্রতিদিনের মতো রাতে অফিসের কাজ শেষ করে আমরা বাড়ি ফিরে ছিলাম। রাত দুইটার দিকে আগুন লাগার খবর পেয়ে এসে দেখি অফিসের ভেতরের চেয়ার-টেবিল,ব্যানার-ফেস্টুনসহ বিভিন্ন কাগজপত্র পুড়ে গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ধানের শীষের পক্ষ নেওয়ার কারণে এ ঘটনা ঘটেছে বলে জানান তিনি। আমাজেদ সরদার আরো জানান এটি শুধু আওয়ামী লীগের অফিস নয়, দল মত নির্বিশেষে অনেকেই এখানে এসে বসতেন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি বলেও তিনি জানান।

আপনার জেলার সংবাদ পড়তে