বরিশাল মহানগর ও জেলা আওয়ামী লীগের কার্যালয়ে "শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে" শ্লোগান সংবলিত ব্যানার টাঙানো হয়েছে। নগরীর বিবির পুকুর পাড়ে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে নিষিদ্ধ সংগঠন বরিশাল জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজিব হোসেন খানের অনুসারীরা মঙ্গলবার কোন এক সময়ে ব্যানারটি টানিয়েছে। ব্যানারটিতে শ্লোগানের পাশাপাশি শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, সজিব ওয়াজেদ জয়, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও ছাত্রলীগ নেতা রাজিব হোসেন খানের ছবি ছিলো। প্রত্যক্ষদশীরা জানিয়েছেন, তারা রাজিবের অনুসারীদের টানানো ব্যানারটি দেখেছেন। পরে কয়েকজন যুবক ব্যানারটিকে ছিড়ে ফেলেছে। এ বিষয়ে বরিশাল কোতোয়ালী মডেল থানার ওসি মো. আল মামুন-উল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই।