নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথম কর্মদিবসেই রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় দিন শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। পরে মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে আবারও শ্রদ্ধা নিবেদন করেন।
স্মৃতিসৌধ প্রাঙ্গণে পৌঁছে কিছুক্ষণ নীরবতা পালন শেষে প্রধানমন্ত্রী পরিদর্শন বইয়ে সই করেন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করার কর্মসূচি রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে শপথ বাক্য পাঠ করান। এরপর নতুন সরকারের মন্ত্রীরা এবং পরে প্রতিমন্ত্রীরা শপথ নেন। এর মধ্য দিয়ে প্রায় দুই যুগ পর বিএনপির নেতৃত্বাধীন সরকারের যাত্রা শুরু হয়।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২০৯ আসনে জয় পায়। বিএনপি জোটের শরিকেরা তিনটি আসনে বিজয়ী হয়। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর দলটির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন।
প্রথম কর্মদিবসের সূচি অনুযায়ী, স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর দুপুরে সচিবালয়ে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। বিকেলে অনুষ্ঠিত হবে নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক। এরপর সচিবদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, “শপথের পরপরই রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা ও প্রশাসনিক বৈঠকের মাধ্যমে কাজ শুরু করা নতুন সরকারের অগ্রাধিকারের বার্তা দেয়। এতে প্রশাসনে গতি আসার ইঙ্গিত মিলছে।”