নতুন সরকার গঠনের পর দায়িত্ব ছাড়ার কয়েক দিনের মধ্যেই নতুন কর্মস্থলে যোগ দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সদ্যসাবেক প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি জানান, একটি নতুন ইংরেজি সংবাদপত্র ‘দ্য ডেইলি ওয়াদা’র সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি।
নিজের পোস্টে শফিকুল আলম লিখেছেন, “আমি একটি নতুন ইংরেজি সংবাদপত্র, দ্য ডেইলি ওয়াদা-এর সম্পাদক হিসেবে যোগদান করেছি। আপনাদের দোয়া এবং আশীর্বাদ কামনা করছি।” সংক্ষিপ্ত এই বার্তাই নতুন অধ্যায়ের সূচনা হিসেবে সামনে আনেন তিনি।
দেশে নতুন সরকার গঠনের পর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে বন্ধ ঘোষণা করা হয়েছে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজও।
রাজনৈতিক প্রেক্ষাপটে বড় পরিবর্তনের মধ্যেই এই রদবদল আসে। ছাত্র জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। পরে ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। সেই সরকারের সময় প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন শফিকুল আলম।
এরপর ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছ থেকে শপথ নেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রার মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের অধ্যায়েরও অবসান ঘটে।
রাজনৈতিক পটপরিবর্তনের এই সময়ে শফিকুল আলমের গণমাধ্যমে প্রত্যাবর্তন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। প্রশাসনিক দায়িত্ব শেষে তিনি আবারও সাংবাদিকতার মূল ধারায় ফিরলেন।