কুষ্টিয়ার দৌলতপুর সীমিান্তে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ বিভিন্ন বিওপি ১৮ ফেব্রুয়ারি দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানী মালামাল আটক করা হয়। আটককৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ০.২৩০ কেজি হেরোইন, ২৫ বোতল মদ, ৯৮৪ পিস সিলডেনাফিল ট্যাবলেট, ৬২০ প্যাকেট পাতার বিড়ি, ১৫,৪৮০ পিস চকলেট বাজি, ৬,৬০০ পিস বিভিন্ন প্রকার ট্যাবলেট (ডেক্সামেথাসন ও সাইপ্রোহেপ্টাডিন হাইড্রোক্লোরাইড) এবং ২১৬ পিস সিটি গোল্ড চেইন। জব্দকৃত মালামালের সর্বমোট আনুমানিক সিজার মূল্য ৪৭,১৫,৪০০/- (সাতচল্লিশ লক্ষ পনের হাজার চারশত) টাকা। আটককৃত অন্যান্য চোরাচালানী মালামাল বিধি মোতাবেক সংশ্লিষ্ট কাস্টমস অফিসে জমা প্রদান এবং মাদকদ্রব্য ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সিজার স্টোরে সংরক্ষণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক ও চোরাচালান প্রতিরোধে সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় যে কোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি’র নিয়মিত টহল ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।