প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৯ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:০৪ এএম
প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন আবু আবদুল্লাহ এম ছালেহ। সচিব পদমর্যাদায় তাকে চুক্তিভিত্তিক এ নিয়োগ দিয়ে বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আবু আবদুল্লাহ এম ছালেহকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে সরকারের সচিব পদমর্যাদা ও বেতনে, নির্ধারিত ৭৮ হাজার টাকা বেতনে, প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে, যেটি আগে ঘটে, সে পর্যন্ত এ চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর থাকবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও জানানো হয়েছে।

আবু আবদুল্লাহ এম ছালেহ ছালেহ শিবলী নামেও পরিচিত। এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে থাকার সময়ও তিনি তারেক রহমানের প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

পৃথক প্রজ্ঞাপনে মো. মেহেদুল ইসলামকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ পদে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে আতিকুর রহমান রুমনকে অতিরিক্ত প্রেস সচিব এবং আব্দুর রহমান সানিকে সহকারী একান্ত সচিব-২ পদে নিয়োগ দিয়ে আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ছালেহ শিবলী চার দলীয় জোট সরকারের সময়ে কলকাতা উপ-হাই কমিশনে ফার্স্ট সেক্রেটারি, প্রেস হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বার্তা সংস্থা ইউএনবি, দৈনিক মানবজমিন, বাংলা বাজার পত্রিকা এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ে প্রতিবেদক হিসেবে কাজ করেছেন। এছাড়া তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।

আপনার জেলার সংবাদ পড়তে