মোল্লাহাটে ভাষা শহীদ দিবসের প্রস্তুতি সভা

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : | প্রকাশ: ১৯ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:৩৭ পিএম
মোল্লাহাটে ভাষা শহীদ দিবসের প্রস্তুতি সভা

মোল্লাহাটে ২১ ফেব্রুয়ারি মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা এবং উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু। তিনি বলেন, “মহান ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে দিবসটি মর্যাদাপূর্ণ পরিবেশে পালন করা হবে। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় অনুষ্ঠান সফল করতে হবে।” আইন-শৃঙ্খলা কমিটির সভায় রমজান মাসকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং জোরদার করা, মাদকবিরোধী অভিযানে কঠোর অবস্থান গ্রহণ এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সংশ্লিষ্ট দপ্তরসমূহকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন। সভায় সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা বলেন, “সরকারি নির্দেশনা বাস্তবায়নে মাঠপর্যায়ে তদারকি বাড়ানো হবে। বিশেষ করে রমজানকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।” উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ হাসান আলী নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্য সরবরাহে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায় বলেন, “বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।” রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শিকদার জামাল উদ্দিন ভাষা দিবসকে দলমত নির্বিশেষে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে উল্লেখ করেন। জামায়াতের সেক্রেটারি হাফেজ মোঃ হেদায়েত উল্যাহ বলেন, “মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মোল্লাহাটে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনী ও দায়িত্বপ্রাপ্তদের ধন্যবাদ জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, ডা. বিভুতি মল্লিক, প্রধান শিক্ষক এস এম ফরিদ আহমেদ, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মোল্লা ও সহ-সভাপতি আব্দুল্লাহ ফারুক সহ বিভিন্ন দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে