কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় তুলসী কান্তি রাউত (৮০) নামের এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। নিহত বীর মুক্তিযোদ্ধা উপজেলার চান্দপুর ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের মৃত যতীন্দ্র চন্দ্র রাউতের ছেলে। তিনি মুক্তিযোদ্ধাকালীন ডেপুটি কমান্ডার ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক নির্বাচিত কমান্ডার ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ময়মনসিংহ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের ভোগপাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় একটি পিকআপ ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শুক্রবার দুপুর ২:৩০ মিনিটে রাষ্টীয় মর্যাদায় তাঁর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মো. জালাল উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার শামীমা আফরোজ মারলিজ, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, ওসি (তদন্ত) হাবিবুল্লাহ খান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. ইসরাইল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। তাছাড়া তাঁর মৃত্যুতে সাবেক সাংসদ নূর মোহাম্মদ, মুক্তিযোদ্ধা কবি আবিদ আনোয়ার গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। নিহত মুক্তিযোদ্ধাকে পৌর এলাকার ঘোষপাড়া কেন্দ্রীয় শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়।