বিএনপির কেন্দ্রীয় দপ্তরে সংযুক্ত দলটির নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের গবেষণা কর্মকর্তা পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।তিনি চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলার কৃর্তিসন্তান ও চাঁদপুর জেলা বিএনপির সহ সভাপতি এবং মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এমএ শুক্কুর পাটওয়ারীর ছোট ভাই। বৃহস্পতিবার রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহাম্মদ নুর-এ-আলম স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আবদুস সাত্তার পাটোয়ারী জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘মো. আবদুস সাত্তার পাটোয়ারীকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে মাননীয় প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা পদে গ্রেড-৯ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতনে যোগদানের তারিখ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।’