সিলেটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

এফএনএস (সিলেট) | প্রকাশ: ২১ ফেব্রুয়ারী, ২০২৬, ০৯:১৫ পিএম
সিলেটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে সিলেটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। একুশের প্রথম প্রহরেই জেলা ও উপজেলার শহীদ মিনারগুলোতে ফুল দিয়ে ভাষার অধিকারের জন্য জীবন উৎসর্গ করা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে নগরীর চৌহাট্টা এলাকায় অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। শুক্রবার মধ্যরাত থেকেই নানা শ্রেণি-পেশার মানুষ শহীদ মিনারে জড়ো হতে থাকেন। প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নামে।

প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সময় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা জানান। পরে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুল হাতে শহীদ মিনারে এসে ভাষা শহীদদের স্মরণ করেন।

পুষ্পার্ঘ্য অর্পণ শেষে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, “মাতৃভাষা দিবস এদেশের জাতীয় জীবনের অনন্য এক দিন। এই দিবসে সর্বস্তরে মাতৃভাষা চর্চা হোক আগামীর অঙ্গীকার।”

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠন পৃথকভাবে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা কর্মসূচির আয়োজন করে।

এদিকে, দিবসের কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার করা হয়। সার্বিকভাবে উৎসবমুখর ও শ্রদ্ধাভরা পরিবেশে সিলেটে মহান একুশে ফেব্রুয়ারি পালিত হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে