আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাউফলে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সাংসদ ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, “ভাষা দিবসে আমাদের প্রতিজ্ঞা-অধিকারের প্রশ্নে আমরা কাউকে ছাড় দেবো না। সারা পৃথিবী আমার বিরুদ্ধে থাকলেও অধিকারের প্রশ্নে শেষ সুযোগ পর্যন্ত লড়ে যাব। তাহলেই একুশে ফেব্রুয়ারি আমাদের জন্য সার্থক হবে।” আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আজ ২১ ফেব্রুয়ারি শনিবার বেলা ১১ টায় বাউফল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু, বাউফল থানার অফিসার ইনচার্জ মোঃ সিদ্দিকুর রহমান, বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ ইসাহাক মিয়া, অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ হাবিবুল্লা এবং গণঅধিকার পরিষদের সভাপতি হাবিবুর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে ভাষা আন্দোলনের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, শহীদ রফিক, জব্বার ও শফিকদের আত্মত্যাগ আমাদের শিখিয়েছে অন্যায়ের কাছে মাথা নত না করা। ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, এটি আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত এবং ন্যায্য অধিকারের প্রতীক। ভাষা আন্দোলন শুধুমাত্র ভাষার দাবিতে সীমাবদ্ধ ছিল না; ভাষা আন্দোলনের চেতনাই পরবর্তীতে একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধের প্রেরণা যুগিয়েছে। ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা যে আদর্শ ধারণ করবে, তা লালন করবে এবং বাস্তব জীবনে বাস্তবায়ন করবে। বিজয় কোনো প্রতীকের নয়; বিজয় ন্যায় ও ইনসাফের। অন্যায় প্রতিহত করেই প্রকৃত বিজয় অর্জিত হয়। নিজের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য তিনি সকলের কাছে দোয়া কামনা করেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ছাত্র-ছাত্রী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।