টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ, পরিবেশ সুরক্ষা এবং বিদ্যুৎ খাতে বৈপ্লবিক রূপান্তরের লক্ষ্যে রুফটপ সোলার (ছাদ সৌরবিদ্যুৎ) প্রযুক্তিকে দ্রুত জাতীয় অগ্রাধিকার হিসেবে ঘোষণার দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে প্রান্তজন ট্রাস্ট এবং প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম এ মানববন্ধনের আয়োজন করে। পটুয়াখালী প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম’র আহবায়ক অমল মুখার্জীর সভাপতিত্বে মানববন্ধন পরবর্তী সভায় বক্তব্য রাখেন পরিবেশকর্মী মেজবাহ উদ্দিন মাননু, শিক্ষক নুরুল হক, প্রান্তজন ট্রাষ্ট'র সমন্বয়কারী সাইফুল্লাহ মাহমুদ প্রমুখ। সভায় বক্তারা বলেন, পরিবেশ ধ্বংসকারী জীবাশ্ম জ্বালানি ভিত্তিক মেগা প্রকল্পের পরিবর্তে স্থানীয়ভাবে বাস্তবায়নযোগ্য নবায়নযোগ্য জ্বালানির রোডম্যাপ গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে। রুফটপ সোলার কম ব্যয়বহুল সমাধান হওয়া সত্ত্বেও এটি নীতিনির্ধারণী পর্যায়ে যথাযথ অগ্রাধিকার পাচ্ছে না। রুফটপ সোলার কেবল বিদ্যুৎ উৎপাদনের প্রযুক্তি নয়, বরং এটি সাধারণ মানুষের জন্য 'জ্বালানি গণতন্ত্র' প্রতিষ্ঠার সুযোগ। ইউনিয়ন পরিষদ ভবন থেকে শুরু করে স্কুল, হাসপাতাল এবং গ্রামীণ বাজারগুলোর বিশাল অব্যবহৃত ছাদ যদি সৌরবিদ্যুতের আওতায় আনা যায়, তবে স্থানীয় পর্যায় থেকেই একটি বৃহৎ জ্বালানি বিপ্লব শুরু করা সম্ভব। সভা শেষে রুফটপ সোলার সম্প্রসারণে সুনির্দিষ্ট নীতিগত ও আর্থিক বরাদ্দ নিশ্চিত করতে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।