র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) দেশব্যাপী আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে আসছে। হত্যা, সন্ত্রাস, মাদক ও সংগঠিত অপরাধ দমনে র্যাবের চলমান কার্যক্রমের অংশ হিসেবে যাত্রাবাড়ীর একটি হত্যা মামলার এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করা হয়েছে। গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি) যাত্রাবাড়ী হতে চিটাগাং রোডগামী লেগুনা স্ট্যান্ডে গাড়ির সিরিয়াল সংক্রান্ত বিরোধের জেরে পূর্বপরিকল্পিতভাবে মোঃ সোহান মুন্সী (২৯) ও তার সহযোগীরা ভিকটিম লেগুনা চালক মো: নূরে আলম ইসলাম খাইরুল (৩৫)’কে এলোপাথাড়ি মারধর করে গুরুতর জখম করে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানায় মামলা নং- ৫৭, তারিখ ২১/০২/২০২৬ খ্রি., ধারা- ৩০২/২০১/৩৪ পেনাল কোডে একটি হত্যা মামলা রুজু হয়। মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনপত্রের প্রেক্ষিতে শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা র্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানাধীন কুতুবখালী মাছের আড়ৎ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে এই হত্যা মামলার এজাহারনামীয় আসামি মোঃ সোহান মুন্সী (২৯), পিতা- শাহজাহান মুন্সী, সাং- বাহেরচর, থানা- মাদারীপুর সদর, জেলা- মাদারীপুর’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।