পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোঃ হাফিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য মাসুদ সাঈদী। প্রধান অতিথির বক্তব্যে মাসুদ সাঈদী বলেন, “আমি একটি রাজনৈতিক দলের পরিচয়ে এমপি হলেও এখন সকল জনগণের এমপি।” তিনি আরও বলেন, “নির্বাচনে আমি দাঁড়িপাল্লা মার্কা নিয়ে নির্বাচন করে এমপি হয়েছি, কিন্তু এখন সব দল-মতের মানুষকে সঙ্গে নিয়েই ঐক্যবদ্ধভাবে পিরোজপুরের উন্নয়নে কাজ করতে চাই। এখন সকল জনগণ আমার, আমিও সকল জনগণের।” তিনি সন্ত্রাস, মাদক, বাল্যবিবাহসহ সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড রোধে জনপ্রতিনিধি, প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সবার সহযোগিতা কামনা করেন। এ সময় আরও বক্তব্য রাখেন ইন্দুরকানী উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফরিদ আহম্মেদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার, জামায়াতে ইসলামীর আমির মোঃ আলী হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ওলিউর রহমান রুবেল, ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম হাওলাদার, উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, সদর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ করিম ইমন, বালিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম বাবুল এবং চন্ডিপুর ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু প্রমুখ। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।