গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ ৭০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আনোয়ারুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার রাত ১১টার দিকে উপজেলার তরফ কামাল গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। গ্রেফতার হওয়া আনোয়ারুল ইসলাম ওই গ্রামের আজিবর রহমানের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, আনোয়ারুলকে আটকের পর তার স্বীকারোক্তি অনুযায়ী স্থানীয়দের উপস্থিতিতে বসতঘরের শয়নকক্ষে তল্লাশি চালানো হয়। এ সময় শোকেসের ড্রয়ার থেকে একটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় ২৮৫টি পাতায় মোট ২ হাজার ৮৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়। ঘটনাস্থলেই ডিজিটাল স্কেলে পরিমাপ করে দেখা যায়, উদ্ধারকৃত মাদকের ওজন প্রায় ১.১৯৭ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৭০ হাজার টাকা। উদ্ধারকৃত মাদকের মধ্য থেকে রাসায়নিক পরীক্ষার জন্য ১০ পিসের একটি পাতা নমুনা হিসেবে রেখে বাকি আলামত যথাযথভাবে সিলগালা করে বিভাগীয় হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(খ) ধারায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মামলাটির তদন্ত করবে।