মুলাদীতে

হাইড্রোলিক হর্ণ ব্যবহারের অভিযোগ, বন্ধের দাবিতে স্মারকলিপি

এফএনএস (মোঃ আরিফুল হক তারেক; মুলাদী, বরিশাল) : | প্রকাশ: ২৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:৫৯ পিএম
হাইড্রোলিক হর্ণ ব্যবহারের অভিযোগ, বন্ধের দাবিতে স্মারকলিপি

বরিশালের মুলাদীতে ভ্যান ও মোটরসাইকেলসহ ছোট যানবাহনে হাইড্রোলিক হর্ণ ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। এসব হাইড্রোলিক হর্ণ ব্যবহারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। গতকাল রোববার দুপুরে মুলাদী পৌরসভার বাসিন্দা আজিজুল হক মিমন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে এ স্মারকলিপি দেন।  স্মারকলিপিতে উল্লেখ করা হয়, মুলাদী উপজেলা ও পৌরসভার বিভিন্ন সড়কে চলাচলকারী অটোরিকশা, ভ্যান, টমটম ও মোটরসাইকেলে অপ্রয়োজনীয় ভাবে হইড্রোলিক হর্ণ ব্যবহার করা হচ্ছে। এসব হর্ণ উচ্চশব্দ তৈরি করে যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। বিশেষ করে শিশুদের জন্য অত্যন্ত বিপজ্জনক। এই ধরণের অতিরিক্ত শব্দ শিশুদের শ্রবণশক্তির ক্ষতি সাধন করতে পারে এবং শিশুর মানসিক ও শারীরিক সমস্যার কারণ হতে পারে। অনেকেই হাইড্রোলিক হর্ণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে অবগত নন। তাই সরকারি উদ্যোগে অপ্রয়োজনীয় হাইড্রোলিক হর্ণ বন্ধ করা প্রয়োজন।  মুলাদী পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের বাসিন্দা আজিজুল হক মিমন বলেন, পৌরসদরে চলাচলাকারী অটোরিকশা, মাহিন্দ্রা, ভ্যান ও মোটরসাইকেলসহ বিভিন্ন ছোট যানবাহনে হাইড্রোলিক হর্ণ ব্যবহার দিন দিন বেড়ে চলেছে। এসব হর্ণের তীব্র শব্দে শিশু, শিক্ষার্থী, বৃদ্ধ, গর্ভবতী নারী ও অসুস্থ রোগীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন। হাসপাতাল, ক্লিনিক, শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকার আশপাশে হাইড্রোলিক হর্ণ ব্যবহার পরিবেশ ও জনস্বাস্থের জন্য হুমকিস্বরূপ। পরিবেশ অধিদপ্তরের নিয়ম অনুযায়ী উচ্চ শব্দের হর্ণ ব্যবহার নিষিদ্ধ হলেও প্রশাসনের নজরদারি নেই।  এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম সরওয়ার বলেন, ছোট যানবাহনে হাইড্রোলিক হর্ণ ব্যবহারে অভিযোগ পাওয়া গেছে। উপজেলায় হর্ণের শব্দের তীব্রতা পরিমাপের যন্ত্র না থাকায় বিষয়টি পরিবেশ অধিদপ্তরকে অবহিত করা হয়েছে। শীঘ্রই পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে মুলাদীতে হাইড্রোলিক হর্ণ বিরোধী অভিযান পরিচালনা করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে