ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার জয়শ্রী সাজু পাম্প এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। স্থানীয়রা সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিয়েছেন। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হাইওয়ে থানা পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করেছে। সোমবার দিবাগত রাতে উজিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানিয়েছেন, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে। পাশাপাশি দুর্ঘটনায় জড়িত যানবাহন শনাক্তে পুলিশ কাজ করছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে অজ্ঞাতনামা যানবাহনের ধাক্কায় প্রায় ৫০ বছর বয়সের এক ব্যক্তিকে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের কপাল, চোখের বাম পাশ, ডান হাত ও বাম পায়ে গুরুত্বর আঘাতের চিহ্ন রয়েছে।