ময়মনসিংহ -১০ (গফরগাঁও-পাগলা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা দক্ষিণ বিএনপির সম্মানিত সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু বলেছেন, তিনি নিজে কোনো ধরনের দুর্নীতির সঙ্গে জড়াবেন না এবং তার নির্বাচনী এলাকায় কোনো অনিয়ম, চাঁদাবাজী বা দুর্নীতি হতে দেবেন না। সোমবার (২৩ ফেব্রুয়ারী) দুপুরে গফরগাঁও পৌর শহরের ৫নং ওয়ার্ড পন্ডিতপাড়া শিব মন্দির এলাকায় সনাতন ধর্মালম্বী ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মতবিনিময়কালে তিনি হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও উন্নয়ন ভাবনা মনোযোগ সহকারে শোনেন। গফরগাঁও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার রায় এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু এমপি বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা আমার নৈতিক দায়িত্ব। মতবিনিময় সভায় তিনি আরও বলেন, "আমি সকল ধর্ম-বর্ণের মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই। এলাকার উন্নয়ন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি রক্ষায় সবাইকে সাথে নিয়ে এগিয়ে যাব। আগামীতে ধর্মীয় আচার অনুষ্ঠান ও সার্বিক বিষয়ে হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার আশ্বাস দেন তিনি। এলাকার সার্বিক উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ইসহাক, পৌর বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক আব্দুস ছালাম বেপারি, পাগলা থানা বিএনপি সাবেক যুগ্ন আহবায়ক আব্দুল হামিদ শেখ, গফরগাঁও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনিল চন্দ্র রায়, সহ সাধারণ সম্পাদক মৃদুল সাহা চৌধুরী, শৈলেন চন্দ্র ভৌমিক, জীবন সাহা চৌধুরী, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খিস্টান ঐক্য পরিষদের সভাপতি চিত্ররঞ্জন ঘোষ সহ বিভিন্ন পৃজা মণ্ডপের প্রতিনিধি প্রমুখ।