নকলায় জমি নিয়ে বিরোধে কৃষক নিহত ,আটক ৩

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ২৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:৩০ পিএম
নকলায় জমি নিয়ে বিরোধে কৃষক নিহত ,আটক ৩

শেরপুরের নকলায় বাড়ির সীমানা নিয়ে বিরোধে খোরশেদ আলী (৫০) নামে এক কৃষক নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিন নারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে নকলা উপজেলার গনপদ্দী ইউনিয়নের চিথলিয়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের ছোট ভাই বকুল মিয়া জানান, দীর্ঘদিন ধরে তাদের চাচাতো বোনের স্বামী জুলহাস মিয়ার সঙ্গে বাড়ির সীমানার রাস্তা নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে ওই বিরোধকে কেন্দ্র করে আবারও পারিবারিক ঝগড়া বাধে। একপর্যায়ে খোরশেদ ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় তর্কবিতর্ক শুরু হলে জুলহাস মিয়ার পরিবারের লোকজন খোরশেদকে একা পেয়ে গলা চেপে ধরে। এতে তিনি শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য জুলহাস মিয়ার স্ত্রী জুলেখা বেগম, হাফিজুলের স্ত্রী জোসনা এবং জাকিরের স্ত্রী শারমিন আক্তারকে আটক করে। অন্যদিকে, জুলহাসের পারিবারিক সূত্র জানায়, ঘটনার সময় কথা কাটাকাটির একপর্যায়ে খোরশেদ আলী উত্তেজিত হয়ে মাটিতে পড়ে যান। তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন; অতিরিক্ত উত্তেজনার কারণে স্ট্রোক হয়ে থাকতে পারে। তাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা বলে দাবি করেন তারা। নকলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুল কাসেম বলেন, কৃষক খোরশেদের মৃত্যুর ঘটনায় অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিন নারীকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে