ময়মনসিংহের ভালুকায় জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পৌর স্বেচ্ছাসেবক দল ভালুকা পৌর শাখার যুগ্ম আহবায়ক তিয়াশ মাহমুদ শুভ বাড়ীতে হামলা,ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। শুভ স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলমের পক্ষে নির্বাচনে কাজ করায় এ হামলা করেছে ধানের শীষের পক্ষের নেতাকর্মীরা। অভিযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার স্ত্রী জান্নাতুল ফেরদৌস ছন্দার। অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে ভালুকা সরকারী ডিগ্রী কলেজ শাখার ছাত্রদল নেতা ওমর ফারুক সানি (২৮), জাহিদ হাসান প্রান্ত (২৬) ও সাগরে (২৬) নের্তৃত্বে ২০-২৫ জনের একটি সংঘ বদ্ধ দল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হামলা চালায়। হামলাকারীরা প্রথমে বাসার মূল ফটকে এসে তার স্বামীকে খুঁজতে থাকে এবং তাকে বের করে না দিলে দরজা ভেঙে ঘরে ঢুকে ভাংচুর,লুটপাত চালায়। হামলাকারীরা তাকে ভয়ভীতি দেখিয়ে আলমারির চাবি নিয়ে নেয়। পরে আলমারিতে থাকা ৭০ হাজার টাকা ও প্রায় ৩ লাখ ৪৬ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার নিয়ে চলে যায়। হামলাকারীরা যাওয়ার সময় হুমকি দেয় যে শুভ কে তাদের হাতে তুলে না দিলে পরবর্তীতে আবার আসবে। এসময় তার ১০ বছর বয়সী মেয়ে ও ৯ মাসের শিশুসন্তান আতঙ্কিত হয়ে পড়ে। পরে প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্তরা সেখান থেকে চলে যায়। জান্নাতুল ফেরদৌস ছন্দা জানান, তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। উল্লেখ্য, তিয়াশ মাহমুদ শুভ ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলমের কর্মী হিসেবে কাজ করেছেন। নির্বাচনী বিরোধের জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে বলে ভুক্তভোগী পরিবারের দাবি। এ বিষয়ে অভিযুক্ত দের কোন বক্তব্য পাওয়া যায়নি। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম বলেন অভিযোগ পাইনি পেলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।