পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং রোজাদারদের স্বস্তি নিশ্চিত করতে ময়মনসিংহের গফরগাঁও বাজার পরিদর্শনকালে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) বিকেলে গফরগাঁও বাজার ও রেলওয়ে ষ্টেশন হেঁটে হেঁটে পরিদর্শন করেন তিনি।
মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু এমপি বাজারের জিনিসপত্রের দ্রব্যমূল্য, পণ্যের সরবরাহ ও মজুদ পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন এবং ক্রেতা-বিক্রেতার সঙ্গে মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এন. এম আবদুল্লাহ-আল-মামুন, সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আসম আতিকুর রহমান, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুস ছালাম বেপারী, জেলা যুবদল নেতা বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুল আলম জুয়েল।
মতবিনিময়কালে এমপি বাচ্চু মাহে রমজানের পবিত্রতা রক্ষা করে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় এবং বাজারে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় প্রশাসন ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।
এছাড়াও গফরগাঁও বাজারে অবৈধ জায়গা দখল, রাস্তার উপর দোকান স্থাপন এবং যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে ফুটপাত ও সড়ক দখলমুক্ত রেখে শৃঙ্খলাবদ্ধ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান এমপি বাচ্চু সহ স্থানীয় প্রশাসন।