বিদেশী পিস্তলসহ পিরোজপুরে একজন গ্রেপ্তার

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) : | প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:৩৫ পিএম
বিদেশী পিস্তলসহ পিরোজপুরে একজন গ্রেপ্তার

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা থেকে বিদেশী পিস্তল ও গুলিসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠি এলাকায় অভিযান চালিয়ে মো. আলীম খান (৪৯) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। 

‎বুধবার বিকেলে পিরোজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. জিয়াউর রহমান এক প্রেস ব্রিফিং এ বিষয়টি নিশ্চিত করেন।

‎সংবাদ সম্মেলনে পুলিশের ওই কর্মকর্তা জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠি এলাকায় অভিযান চালায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। এসময় ওই  গ্রামের ফারজানে রাসুল জামে মসজিদ এলাকার নির্মানাধীন ইট সলিং রাস্তার সামনে গেলে মো. আলীম খান নামে ঐ ব্যক্তি দৌড়ে পালিয়ে যেতে গেলে ডিবি পুলিশ তাকে আটক করে। পরে তার দেওয়া তথ্য মতে তার বসত ঘরের শয়ন কক্ষের খাটের তোষকের নিচ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

‎পুলিশ কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, বিদেশী অস্ত্রসহ  গ্রেফতারকৃত মো. আলীম খান এর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে।

আপনার জেলার সংবাদ পড়তে