আইজিপি আলী হোসেন ফকিরকে র‍্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:০৭ পিএম
আইজিপি আলী হোসেন ফকিরকে র‍্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরকে র‍্যাংক ব্যাজ পরিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার, ২৫ ফেব্রুয়ারি সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

প্রধানমন্ত্রীর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ও স্বরাষ্ট্র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী উপস্থিত ছিলেন। একই দিন সকালে পুলিশ সদর দপ্তরে পৌঁছালে একটি সুসজ্জিত পুলিশ দল নবনিযুক্ত আইজিপিকে গার্ড অব অনার প্রদান করে। পরে বিদায়ী আইজিপি বাহারুল আলমের কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন।

এর আগে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা আলী হোসেন ফকিরকে আইজিপি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। আর্মড পুলিশ ব্যাটালিয়নের প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী অতিরিক্ত আইজিপি আলী হোসেন ফকিরকে প্রশাসনিক রদবদলের ধারাবাহিকতায় এ পদে আনা হয়।

পঞ্চদশ বিসিএসের পুলিশ ক্যাডারে যোগ দেওয়া আলী হোসেন ফকিরের বাড়ি বাগেরহাটে। ১৯৬৮ সালের ৫ এপ্রিল তার জন্ম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট বিষয়ে বিকম অনার্স ও এমকম সম্পন্ন করে পরবর্তীতে এমবিএ ডিগ্রি অর্জন করেন তিনি।

কর্মজীবনে নেত্রকোণা, ফেনী ও মাগুরায় পুলিশ সুপারের দায়িত্ব পালন করেছেন। ২০০৮ সালে ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার ছিলেন। পরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কসোভা ও আইভরি কোস্টে দায়িত্ব পালন করেন।

তবে তার কর্মজীবনে বিতর্কও ছিল। আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক কারণে প্রথমে চাকরিচ্যুত এবং পরে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় তাকে। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হলে আইনি প্রক্রিয়ায় এসপি পদমর্যাদায় চাকরিতে ফেরেন তিনি। এরপর পদোন্নতি পেয়ে উপমহাপরিদর্শক এবং পরে অতিরিক্ত মহাপরিদর্শক হন। ২০২৪ সালের অক্টোবর থেকে তিনি এপিবিএন প্রধানের দায়িত্ব পালন করছিলেন।

নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে আলী হোসেন ফকির এখন দেশের সর্বোচ্চ পুলিশ পদে আসীন হলেন।

আপনার জেলার সংবাদ পড়তে