মহাদেবপুরে আগুনে ক্ষতিগ্রস্তদের মধ্যে এমপি বাবুলের ত্রাণ বিতরণ

এফএনএস (রওশন জাহান; মহাদেবপুর, নওগাঁ) : | প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:৫৯ পিএম
মহাদেবপুরে আগুনে ক্ষতিগ্রস্তদের মধ্যে এমপি বাবুলের ত্রাণ বিতরণ

নওগাঁর মহাদেবপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি ফজলে হুদা বাবুল। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে তিনি উপজেলার চেরাগপুর ইউনিয়নের বড় মহেশপুর গ্রামে গিয়ে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের সদস্যদের মধ্যে উপজেলা প্রশাসনের দেয়া সাত বান্ডিল ঢেউটিন ও ২০ হাজার টাকা এবং এমপির ব্যক্তিগত তহবিল থেকে ২০ হাজার টাকা বিতরণ করেন। এমপি সেখানে গিয়ে গ্রামবাসীদের খোঁজ খবর নেন ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের শান্তনা দেন। এসময় অন্যদের মধ্যে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুন নাঈম বিনতে আজিজ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ, চেরাগপুর ইউপি চেয়ারম্যান শ্রী শিবনাথ মিশ্র, মহাদেবপুর থানার এসআই মহিদুল ইসলাম, চোরাগপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাররফ হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক বদিউজ্জামান সবুজ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম বাবু, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি সুলতান মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, বদলগাছী উপজেলা কৃষক দল নেতা রেজাউন্নবী স্যান্ডো প্রমুখ এমপির সঙ্গে ছিলেন। উল্লেখ্য, গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে মহেশপুর গ্রামের মৃত শুকুর সরকারের তিন ছেলে বেলাল, ফাইম ও শাহীনের বাড়িতে অগ্নিকান্ডে কয়েক লক্ষ টাকার মালামাল ভষ্মিভূত হয়। এরআগে গত ২৪ ফেব্রুয়ারি বিকেলে এমপি ফজলে হুদা বাবুল উপজেলার নুরপুর গ্রামে গিয়ে সড়ক দূর্ঘটনায় নিহত একই পরিবারের পাঁচ আদিবাসী পরিবারের সদস্যদের সাথে দেখা করে কুশল বিনিময় করেন। এসময় এমপিকে কাছে পেয়ে ওই আদিবাসী পল্লীর বাসিন্দারা আবেগাপ্লুত হয়ে পড়েন। এমপি তাঁর ব্যক্তিগত তহবিল থেকে প্রত্যেক নিহতের স্বজনদের ২০ হাজার টাকা করে মোট এক লক্ষ টাকা অনুদান বিতরণ করেন। গত ৩১ জানুয়ারি উপজেলার এনায়েতপুর ইউনিয়নের পাতকাটি নামক স্থানে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে চার্জার ভ্যানের যাত্রী ওই পাঁচ আদিবাসী নিহত হন। এছাড়া এমপি গত ২১ ফেব্রুয়ারি উপজেলা কমপ্লেক্সের টেনিস গ্রাউন্ডে ভীমপুর ইউনিয়নের দক্ষিণ আন্ধারকোঠা মৎস্যজীবী পাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারের মধ্যে তিন ব্যান্ডিল করে ঢেউ টিন, কম্বল ও নগদ নয় হাজার করে টাকা বিতরণ করেন। আগের দিন গভীর রাতে অগ্নিকান্ডে ওইসব পরিবারের সর্বস্ব ভষ্মিভূত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে