কিংবদন্তি নির্মাতা Satyajit Ray–এর কালজয়ী সৃষ্টি Goopy Gyne Bagha Byne–এর জনপ্রিয় গানের আদলে তৈরি হয়েছে বলিউড অভিনেতা Akshay Kumar–এর নতুন ছবি Bhoot Bangla–এর একটি গান। ‘রাম জি আকে ভালা করেঙ্গে’ শিরোনামের গানটি প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তীব্র বিতর্ক। অনেকের অভিযোগ, এভাবে ব্যবহার করে সত্যজিৎ রায়ের সৃষ্টির মর্যাদা ক্ষুণ্ন করা হয়েছে।
হরর-কমেডি ঘরানার ছবিটির নতুন গানটিতে ‘কালা ভূত গোরা ভূত’, ‘নর ভূত মাদা ভূত’ কিংবা ‘ভাই ভূত বহেনা ভূত’–এর মতো শব্দচয়ন ব্যবহার করা হয়েছে। যা অনেকের মতে সরাসরি ‘আহা ভূত, বাহা ভূত’ গানের অনুষঙ্গ মনে করিয়ে দেয়। শুধু সুর বা কথাই নয়, দৃশ্যায়ন নিয়েও আপত্তি তুলেছেন সমালোচকরা। তাদের ভাষ্য, মূল গানের স্নিগ্ধতা ও শৈল্পিক আবেদন এখানে অনুপস্থিত।
বিশেষ করে গানে অক্ষয় কুমারের সঙ্গে স্বল্পবসনা প্রেতিনী বা নর্তকীদের নাচকে অনেকেই আবহের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলছেন। সুরকার Pritam ও গীতিকার কুমারের কাজ নিয়েও প্রশ্ন উঠেছে। সামাজিক মাধ্যমে কেউ কেউ একে ‘সস্তা অনুকরণ’ বলেও মন্তব্য করেছেন।
বিতর্কের মুখে প্রীতম জানিয়েছেন, সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা জানাতেই তিনি গানটি নির্মাণ করেছেন। তবে চলচ্চিত্রপ্রেমীদের প্রশ্ন, শ্রদ্ধা জানানোর ক্ষেত্রে মূল গানের গাম্ভীর্য ও নান্দনিকতা কেন অক্ষুণ্ন রাখা হলো না।
ছবিটি পরিচালনা করেছেন Priyadarshan। আগামী ১০ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটি। এর আগে এই পরিচালক-অভিনেতা জুটি Bhool Bhulaiyaa ও Bhagam Bhag–এর মতো জনপ্রিয় কমেডি উপহার দিয়েছেন। তবে ‘ভূত বাংলা’ মুক্তির আগেই বিতর্ক যে ছবিটির আলোচনাকে অন্য মাত্রা দিয়েছে, তা বলাই যায়।