খামেনির কার্যালয়ের কাছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলা

এফএনএস অনলাইন ডেস্ক: | প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০১:৩৯ পিএম
খামেনির কার্যালয়ের কাছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলা

এবার ইরানের রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন কৌশলগত শহরে আকস্মিক ও ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। 

আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে পরিচালিত এই অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়ের অত্যন্ত নিকটবর্তী এলাকায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা নিশ্চিত করেছে। তবে হামলার সময় তিনি কার্যালয়ে ছিলেন কি না, তা স্পষ্ট জানা যায়নি।

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির পর কয়েক দিন ধরে ৮৬ বছর বয়সি খামেনিকে প্রকাশ্যে দেখা যায়নি। তবে এই আক্রমণ এমন এক সময়ে হলো, যখন ইরানের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করছে যুক্তরাষ্ট্র।

এদিকে, ইসরাইলজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ। ইরানের পক্ষে থেকে পাল্টা হামলার আশঙ্কায় ইসরাইলজুড়ে বাজানো হচ্ছে সতর্কতা সাইরেন।

সম্ভাব্য ইরানি পাল্টা হামলার আশঙ্কায় সমগ্র ইসরায়েলজুড়ে বর্তমানে ‘জরুরি অবস্থা’ বলবৎ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইডিএফ জানিয়েছে, গত কয়েক মিনিটে ইসরায়েলের প্রায় প্রতিটি শহরে সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে। নাগরিকদের মোবাইল ফোনে সরাসরি জরুরি বার্তা পাঠিয়ে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিকটস্থ নিরাপদ আশ্রয়ের কাছে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।