ইরানের স্কুলে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫১, আরও বাড়তে পারে

এফএনএস অনলাইন ডেস্ক:
| আপডেট: ২৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:০৯ পিএম | প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:০৯ পিএম
ইরানের স্কুলে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫১, আরও বাড়তে পারে

ইরানের দক্ষিণাঞ্চলে স্কুলে ইসরাইলি হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়ার শঙ্কা রয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এর বরাতে সংবাদ মাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

আইআরএনএ বছলে, ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের মিনাব শহরে আজ একটি বালিকা বিদ্যালয়ে হামলা চালায় ইসরাইল। এই হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। হামলার সময় বিদ্যালয় প্রাঙ্গণে মোট ১৭০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল।

উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে থাকায় এবং আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্কুলটি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে এবং চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শিশুদের বই-খাতা ও জুতো। এই নৃসংস হামলার ঘটনায় পুরো ইরানজুড়ে তীব্র শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আজ শনিবার ভোর থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বাহিনী ইরানের বিভিন্ন স্থানে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে। তবে বেসামরিক শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের সরাসরি হামলার ঘটনা আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। মানবাধিকার সংস্থাগুলো এই হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করছে।