নওগাঁর পত্নীতলায় পারিবারিক কলহের জের ধরে প্রতিমা রাণী (২৬) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে তার স্বামী প্রদীপ কুমার। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে থানা পুলিশ ঘাতক স্বামীকে আটক করেছে। তাদের বাড়ি উপজেলার নজিপুর ইউনিয়নের উজিরপুর চৌধুরী পাড়া গ্রামে। ইউপি সদস্য বাবুল কুমার বলেন, প্রতিমা রাণীর বাবার বাড়ি জেলার মান্দা উপজেলার বদ্যিপুর গ্রামে। তাদের ছয় বছর বয়সী একটি ছেলে রয়েছে। প্রায়ই তাদের মধ্যে পারিবারিক বিবাদ লেগেই থাকতো। প্রদীপ মদ্যপ অবস্থায় তার স্ত্রীকে মারধর করতো। এনিয়ে কয়েকবার শালিসও করা হয়েছে। নিহত গৃহবধূর জা বলেন, শুক্রবার দিবাগত রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি ও মারামারির শব্দ শোনা গেছে। শনিবার সকালে প্রদীপ জানায় যে, প্রতিমা মারা গেছে। প্রতিবেসীরা তার ঘরে গিয়ে প্রতিমাকে মৃত অবস্থায় দেখতে পান। পরে থানা পুলিশে খবর দেয়া হয়। পত্নীতলা থানার ইন্সপেক্টর (তদন্ত) আবু তালেব বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল রিপোর্ট করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহের শরীরে আঘাতের চিহ্ন ছিল। নিহতের স্বামী প্রদীপ কুমারকে আটক করা হয়েছে। এব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।