ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে তীব্র যানজট

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ২ মার্চ, ২০২৬, ০১:৪৯ পিএম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে তীব্র যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে ঢাকামুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দীর্ঘ সময় যানজটে আটকে থেকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ যাত্রী ও চালকদের। খোঁজ নিয়ে জানা যায়, সোমবার (২ মার্চ) মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীরগতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে। ঢাকাগামী ট্রাকচালক মোহন মিয়া জানান, রাত ৩টায় দাউদকান্দি ব্রিজ পার হওয়ার পর থেকেই তিনি যানজটে আটকা পড়েন। দীর্ঘ সময় পার হলেও যানজট না কমায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। প্রাইভেটকার চালক উজ্জ্বল প্রধান বলেন, ‘‘মহাসড়কের গজারিয়া অংশের ঢাকামুখী লেনের প্রায় ১৩ কিলোমিটার এলাকা কার্যত স্থবির হয়ে আছে। কুমিল্লামুখী লেনে যানবাহন চলাচল কিছুটা স্বাভাবিক থাকলেও ঢাকামুখী লেনে আড়াই ঘণ্টা বসে থেকেও মেঘনা ব্রিজ পার হতে পারিনি। অথচ স্বাভাবিক সময়ে এই পথটুকু পাড়ি দিতে মাত্র ৮-১০ মিনিট সময় লাগে।’’ গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শওকত হোসেন জানান, নারায়ণগঞ্জ অংশে ক্ষতিগ্রস্ত লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় সোমবার (২ মার্চ) মধ্যরাত থেকে ঢাকামুখী লেনে যানজট সৃষ্টি হয়, যা পরবর্তী সময়ে গজারিয়া অংশে ছড়িয়ে পড়ে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে