ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা, ক্ষতিগ্রস্থের শঙ্কা

এফএনএস প্রতিবেদক: | প্রকাশ: ২ মার্চ, ২০২৬, ০৪:৫৯ পিএম
ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা, ক্ষতিগ্রস্থের শঙ্কা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ ভাবে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। রোববার (১ মার্চ) জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা নাজাফি বলেছেন, নাতানজে অবস্থিত দেশটির বিশাল পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। 

এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) বোর্ড অব গভর্নরসের এক সভায় সাংবাদিকদের তিনি বলেন, ‘তারা (যুক্তরাষ্ট্র ও ইসরায়েল) গতকাল আবারও ইরানের শান্তিপূর্ণ ও নিরাপদ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে।’

এ দিকে বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে কোন স্থাপনাগুলোতে হামলা চালানো হয়েছে তা জানতে চাইলে তিনি বলেন, ‘নাতানজ’।

নাতানজে মার্কিন-ইসরায়েলি হামলার পর এখনো তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মূলত ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করেই এসব হামলা চালানো হয়। এতে খামেনিসহ ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ, খামেনির নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানি, সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল আবদুল রাহিম মুসাভি ও বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফ মোহাম্মদ পাকপুর প্রাণ হারান।

হামলায় বেসামরিক হতাহতের সংখ্যাও বাড়ছে। ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, হামলায় এখন পর্যন্ত ৫৫৫ জন নিহত হয়েছেন।