বরিশাল বারের সভাপতিসহ ১১ আইনজীবীর জামিন

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :
| আপডেট: ২ মার্চ, ২০২৬, ০৬:০০ পিএম | প্রকাশ: ২ মার্চ, ২০২৬, ০৬:০০ পিএম
বরিশাল বারের সভাপতিসহ ১১ আইনজীবীর জামিন

বিচারকের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তারের পর কারাগারে থাকা বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকন এবং আত্মসমর্পন করা ১০ আইনজীবী জামিন পেয়েছেন। তবে আত্মসমর্পন করা মামলার ১২ নম্বর আসামি অ্যাডভোকেট মিজানুর রহমানের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালতের বিচারক। সোমবার (২ মার্চ) বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও দ্রুত বিচার আদালতের বিচারক মিরাজুল ইসলাম রাসেল এ আদেশ দিয়েছেন। আদালত সূত্রে জানা গেছে, আত্মসমর্পন করে জামিনপ্রাপ্ত আইনজীবীরা হলেন, বরিশাল জেলা আইনজীবী সমিতির সম্পাদক মীর্জা রিয়াজ হোসেন, জেলা আদালতের পিপি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, মহানগর দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট নাজিম উদ্দিন পান্না, সিনিয়র আইনজীবী ও বিএনপি নেতা অ্যাডভোকেট মহসিন মন্টু, অ্যাডভোকেট আব্দুল মালেক, অ্যাডভোকেট সাঈদ, অ্যাডভোকেট হাফিজ উদ্দিন বাবলু, তারেক আল ইমরান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব আবুল কালাম আজাদ ইমন এবং অ্যাডভোকেট বসির উদ্দিন সবুজ। এর আগে গত ২৫ ফেব্রুয়ারি অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী রাজিব মজুমদার বাদি হয়ে ১২ জন আইনজীবীর নামোল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫/২০ জনকে আসামি করে কোতয়ালী মডেল থানা মামলা দায়ের করেন। মামলায় বিচারকের সাথে অসৌজন্যমূলক আচরণ ও আদালতের কার্যক্রমে বিঘ্ন ঘটানোর অভিযোগ আনা হয়। ওইদিনই পুলিশ মামলার প্রধান আসামি জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেন। উল্লেখ্য, বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, কার্যক্রম নিষিদ্ধ বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুসের বিরুদ্ধে সাতবছর আগের মারামারির ঘটনায় দায়ের করা মামলায় জামিন দেওয়াকে কেন্দ্র করে জেলা আইনজীবী সমিতি ও বিএনপি পন্থি আইনজীবীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। যেকারণে বিচারকদের সাথে আইনজীবীদের বিরোধের সৃষ্টি হয়েছিলো। পরবর্তীতে আলোচনার মাধ্যমে উভয়ের মধ্যে সমঝোতা হয়েছে। 

আপনার জেলার সংবাদ পড়তে