চলনবিল অধ্যুষিত চাটমোহর উপজেলায় এখন বোরো ধানের আবাদে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। মহাব্যস্ত এখন কৃষক আর কৃষিশ্রমিক। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে সময় পার করছেন তারা। জমিতে সেচ দেওয়া,জমি তৈরি,চারা উত্তোলন আর রোপষের মহাযজ্ঞ চলছে মাঠ জুড়ে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে,এবার চাটমোহর উপজেলাতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯ হাজার ২১৫ হেক্টর জমিতে। ইতোমধ্যে লক্ষ্যমাত্রার ৭০ শতাংশ জমিতে আবাদ সম্পন্ন হয়েছে। একাধিক কৃষক জানান,আবহাওয়া অনুকূলে থাকায় প্রয়োজনীয় কৃষি উপকরণ সরবরাহ ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকায় ধানের চারা রোপণ যথাসময়ে শেষ করা যাচ্ছে। তবে বাজারে সারের দাম বেশি নেওয়া হচ্ছে বলে কৃষকের অভিযোগ রয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ জানান,বোরো ধানের উৎপাদনে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের সব ধরণের পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে।