নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ভিসা প্রতারণা ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ৭জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়,জলঢাকা উপজেলার টেঙ্গনমারী বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে অভিযুক্ত ৭জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং তিনটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলোতে অনলাইন ভিসা প্রতারণা চক্রের কার্যক্রম,বিভিন্ন ক্যাসিনো ও বেটিং অ্যাপস ব্যবহারের প্রমাণ মিলেছে বলে জানিয়েছে পুলিশ। ডিবি পুলিশের কর্মকর্তারা জানান,একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে অনলাইনে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে ভিসা প্রতারণা এবং অবৈধ অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে এমন তথ্য পাওয়া যায়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।