চরভদ্রাসনে বিজয় আনন্দে মসজিদে নগদ অর্থদান

এফএনএস (চরভদ্রাসন, ফরিদপুর) :
| আপডেট: ৩ মার্চ, ২০২৬, ১২:৩৯ পিএম | প্রকাশ: ৩ মার্চ, ২০২৬, ১২:২৭ পিএম
চরভদ্রাসনে বিজয় আনন্দে মসজিদে নগদ অর্থদান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনে বিএনপি’র প্রার্থী শহিদুল ইসলাম বাবুল বিপুল ভোট ব্যাবধানে বিজয়ী হয়েছেন। আর এ বিজয় আনন্দ মাঠে ছড়িয়ে দিতে চরভদ্রাসন থানা মসজিদে নগদ ৫০ হাজার টাকা দান করেছেন নবনির্বাচিত এমপি’র প্রিয় ভাজন প্রবাসী নেতা স্পেন বিএনপি’র সহ-সভাপতি ইউনুচ আলী প্রামানিক। উক্ত প্রবাসী নেতা স্পেনে অবস্থান করার ফলে সোমবার রাতে তার পক্ষে স্থানীয় বিএনপি অংগসংগঠন নেতৃবৃন্দ ও উক্ত নেতার স্বজনরা মিলে ওসি মোঃ আনোয়ার হোসেন ও মসজিদের ঈমাম মাওঃ রায়হান জামিলের হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দিয়েছেন। এসব অনুদানের অর্থ দিয়ে উক্ত মসজিদে টাইলস লাগানোর কাজে ব্যাবহার করা হবে বলে জানা যায়। মসজিদে অর্থ বিতরন কালে উপস্থিত ছিলেন আঃ কুদ্দুস বাদশা, মোজাফ্ফর হোসেন জাফর, আঃ ওহাব মোল্যা, গোলাম মোস্তফা মোল্যা, দিদারুল ইসলাম সেন্টু, আলহাজ্ব মৃধা, জাফর হোসেন, জাহাঙ্গীর প্রামানিক ও  আকতারুজ্জামান, মামুন, খালিদ সহ উক্ত প্রবাসী নেতার স্বজন জাহাঙ্গীর প্রামানিক, নাজমূল প্রামানিক ও আলামিন প্রামানিক প্রমূখ।

জানা যায়, উক্ত প্রবাসী নেতার গ্রামের বাড়ী চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নের উত্তর আলমনগর মধু শিকদার ডাঙ্গী গ্রামে। তিনি জানান, ছোট কাল থেকে দলকে ভালোবেসে বিএনপি’র রাজনীতির সাথে নিজেকে জড়িয়ে রেখেছেন। এ বছর তার প্রিয় নেতা শহিদুল ইসলাম বাবুল ধানের শীষ প্রতীকে এমপি নির্বাচন করছেন শুনে দেশে ছুটে আসেন। প্রিয় নেতাকে বিজয়ী করার জন্য তিনি সময় অর্থ ও মেধা দিয়ে নির্বাচনকে চাঙ্গা করে তোলেন। তিনি প্রিয় নেতাকে বিজয়ী করার জন্য মানুষের দ্বারে দ্বারে ভোট ভিক্ষা করতে থাকেন এবং এলাকায় ওয়াদা দেন যে, এ নির্বাচনে শহিদুল ইসলাম বাবুল বিজয়ী হলে তিনি আজীবন নিজ খরচে সমাজ সংস্কারের কাজ করে যাবেন। ভোটারদের কাছে সেই প্রতিশ্রুতি পূরন করার জন্য চরভদ্রাসন থানা মসজিদে টাইলসের কাজ করার জন্য নগদ ৫০ হাজার টাকা দান করেন। এর আগেও নির্বাচনী বিজয় আনন্দে উক্ত স্পেন প্রবাসী নেতা একটি নিঃস্ব ও অসহায় পরিবারে অটোরিক্সা দান করেছেন। তার ক’দিন আগে উপজেলা পদ্মা নদীর ভাটি শালেপুর এলাকায় মানুষের যাতায়াত সুগোম করার লক্ষ্যে এবং ঘোড়ার গাড়ী চলাচলের জন্য নিজ খরচে মজবুত একটি বাঁশের সাকো নির্মান করে দিয়েছে বলেও জানা যায়। 

মঙ্গলবার উক্ত স্পেন প্রবাসী নেতা ইউনুচ আলী প্রামানিক মুঠোফোনে জানান, “আমার প্রকৃতিগত স্বভাব হলো-মানুষের মুখে হাসি দেখলে আমার হৃদয় নেচে ওঠে, আর তাদের দুঃখ দেখলেই আমার হৃদয় গগণে যেন কালো মেঘে ঢেকে ফেলে।। তাই দীর্ঘদিন ধরে মানুষের জন্য কিছু করার চেষ্টা করছি এবং দুঃখিদের জন্য কিছু করতে পারলেই আমি নিজেকে ধন্য মনে করি”।

আপনার জেলার সংবাদ পড়তে